ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও কামাল আহমেদ মজুমদার সোমবার দুর্নীতি দমন কমিশনে তাদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন।
কমিশনের সচিব দেলোয়ার হোসেন জানান, ওবায়দুল কাদের ও কামাল আহমেদ মজুমদার কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পত্তির হিসাব জমা দিয়েছেন।
এর আগে রোববার হিসাব বিবরণীতে ওবায়দুল কাদেরের স্বাক্ষর না থাকায় কমিশন ওই বিবরণী ফেরত পাঠায়।
এ নিয়ে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত কমিশনের নোটিশ পাওয়া ২১ জনের মধ্যে ২০ জন তাদের হিসাব কমিশনে জমা দিলেন। কারাবন্দী বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সম্পত্তির হিসাব বিবরণী এখনো কমিশনে জমা হয়নি। আগামী মঙ্গলবার হিসাব জমা দেওয়ার শেষ দিন।
সম্পত্তির হিসাব বিবরণীতে ওবায়দুল কাদের নিজের ও স্ত্রীর নামে এক কোটি ১০ লাখ ৩৭ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি থাকার কথা উল্লেখ করেছেন।
তার স্থাবর সম্পত্তির মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ থানার রাজাপুর পৌরসভা এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া ১২ লাখ টাকার জমি, উত্তরায় তিন কাঠা জমি, সেগুনবাগিচায় স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। ওবায়দুল কাদের দম্পতির স্থাবর সম্পত্তির মোট দাম ৩৮ লাখ ১৯ হাজার ৬০০ টাকা।
তাদের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭২ লাখ ১৯ হাজার ৪৩৪ টাকা। এর মধ্যে বিভিন্ন ব্যাংকে ২২ লাখ টাকা এফডিআর, ৩৮ লাখ টাকার তিন মাস মেয়াদি সঞ্চয়পত্র, দুই লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার, স্ত্রীর নামে একটি গাড়ি ও দুইটি আগ্নেয়াস্ত্র রয়েছে।
এদিকে কামাল মজুমদার তার বিবরণীতে সম্পত্তির মোট দাম উল্লেখ করেননি। তিনি সাভারে একটি পোশাক কারখানা ও ১৪টি প্লট, বনানীতে একটি ফ্ল্যাট ও পাঁচ কাঠা জমি, গুলশানে সাড়ে সাত কাঠা জমির ওপর একটি বাড়ি থাকার কথা উল্লেখ করেছেন। এছাড়া মিরপুরে একটি পোশাক কারখানা, সাড়ে তিন কাঠা ও সাড়ে সাত শতাংশের দুটি প্লট এবং মুক্তবাংলা সোসাইটি মার্কেটে একটি দোকান থাকার কথাও জানিয়েছেন কামাল মজুমদার।
কামাল মজুমদারের নিজের নামে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৩ লাখ ৮০ হাজার টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির অর্থমূল্য আট লাখ ৬২ হাজার টাকা। বিভিন্ন ব্যাংকে তার নিজের, স্ত্রী, মেয়ে ও কোম্পানির নামে ১০টি হিসাব রয়েছে। এছাড়া একটি গাড়ি, ৩০ ভরি স্বর্ণালংকার ও তিনটি আগ্নেয়াস্ত্র থাকার কথাও বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২৩৩৭ ঘ.
bdnews24