২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেল অলির বহিষ্কার দাবি করেছেন ১৩ নেতা

এলডিপি-র নির্বাহী সভাপতি কর্নেল অলি আহমেদ ও একজন যুগ্ম মহাসচিবকে দল থেকে বহিষ্কারের দাবি করেছেন দলের ১৩ নেতা। এদের দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য, বাকিরা অঙ্গসংগঠনের নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা,জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এলডিপি-র নির্বাহী সভাপতি কর্নেল অলি আহমেদ ও একজন যুগ্ম মহাসচিবকে দল থেকে বহিষ্কারের দাবি করেছেন দলের ১৩ নেতা। এদের দুজন কেন্দ্রীয় কমিটির সদস্য, বাকিরা অঙ্গসংগঠনের নেতা। সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের দপ্তরে এলডিপির প্যাডে পাঠানো বিবৃতিতে এই দাবি জানিয়ে বলা হয়, দলের গঠনতন্ত্র প্রনয়ন না হওয়া সত্ত্বেও কর্নেল অলি গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করেছেন। অন্যদিকে যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের কাছে থেকে ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তিনি দলের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী সর্ম্পকে গণমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন যা দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কর্নেল অলি কোন মন্তব্য করেননি। তবে শাহাদাত হোসেন সেলিম বলেন, ''এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এটা চক্রান্তকারীদের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।'' বিবৃতিদাতাদের একজন, লিবারেল ডক্টরস এসোসিয়েশনের আহবায়ক ডা. রফিক চৌধুরী বিবৃতি সম্পর্কে কোনো মন্তব্য না করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শুধু বলেন, ''১১ জানুয়ারি দেশে যে পটপরিবর্তন হয়েছে আমি তার পক্ষে। দলে কোনো গ্র"পিংয়ের মধ্যে আমি নেই।'' তিনি ছাড়া অন্য বিবৃতিদাতারা হচ্ছেন, এলডিপির অতিরিক্ত দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী চৌধুরী পারভেজ, গণতান্ত্রিক মহিলাধারার আহবায়ক আজমিরী বেগম ছন্দা, সদস্যসচিব শামীমা বেগম, গণতান্ত্রিক মুক্তিযোদ্ধা ধারার আহবায়ক হারুন-অর-রশিদ খান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকধারার আহবায়ক ওবায়েদুর রহমান মৃধা, মহানগর গণতান্ত্রিক যুবধারার আহবায়ক জাহাঙ্গীর আলম বিপ্লব, সদস্য সচিব আসাদুজ্জামান বাচ্চু, গণতান্ত্রিক শ্রমিকধারার সদস্য সচিব আজিজুর রহমান আখন্দ, মহানগর শ্রমিক ধারার সভাপতি আয়নুল হক, সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, গণতান্ত্রিক হকার্স ধারার আহবায়ক শাহজাহান সিরাজ সবুজ ও সদস্যসচিব লোকমান হোসেন মিয়াজী। বিবৃতি লেখা প্যাডটিতে স্বাক্ষর করেন দলের মিডিয়া সেলের প্রধান জাহাঙ্গীর আলম। এদিকে এলডিপির সহদপ্তর সম্পাদক এমরান হোসেন প্রিন্স স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে দলের গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন করায় সভাপতিমন্ডলীকে অভিনন্দন জানানো হয়েছে। এরা হচ্ছেন সহসভাপতির পক্ষে আবুল কাশেম, উপদেষ্টাদের পক্ষে মোবারক হোসেন, যুগ্মমহাসচিবের পক্ষে এম দেলোয়ার হোসেন ও সম্পাদকমন্ডলীর পক্ষে মাওলানা খালেদ সাইফুল্লাহ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১০০ ঘ.