ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--তিন দফায় ১১ দিনের রিমান্ড শেষে একটি অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে বাবরকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোসাম্মৎ কামরুন নাহার। সর্বশেষ তিনদিনের রিমান্ড শেষে বিকেল পৌনে চারটায় তাকে আদালতে হাজির করা হয়।
বাববের পক্ষে জামিন, চিকিৎসা এবং প্রথম শ্রেনীর মর্যাদা প্রার্থনা করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
কাঠগড়ায় উপস্থিত হওয়ার পর সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে তাকে জড়িয়ে কেঁদে ওঠেন।
বাবরের আইনজীবী বলেন, সাবেক প্রতিমন্ত্রীর বাড়ি থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সে মামলার কোনো সাক্ষীর বাড়িই ওই বাড়ির আশেপাশে নয়। বাবর তার বাড়ি থেকে উদ্ধার করা লাইসেন্সবিহীন রিভলভার এবং ২৫টি গুলি সম্পর্কে কিছু জানতেন না।
আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, বাবর তাকে জানিয়েছেন পত্রপত্রিকায় তার জবানবন্দি নিয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে সেগুলো ঠিক নয়। এরকম কোন তথ্য বাবর জিজ্ঞাসাবাদে কাউকে বলেননি।
সানাউল্লাহ মিয়া আরও জানান, বাবর সম্ভান্ত্র পরিবাব থেকে এসেছেন। তার বাবা পুলিশের সুপার ছিলেন। তার ভাইবোন চিকিৎসক, প্রকৌশলী এবং সরকারি আমলাসহ উচ্চতর পেশায় নিয়োজিত। দেশের এই অবস্থায় তার তিনটি অস্ত্রের লাইসেন্স ছিল। অথচ একটি অস্ত্রের ছিলনা, এজাহারের এই বক্তব্য অবিশ্বাস্য। তাছাড়া তিনি অ্যাজমা এবং গ্যাস্ট্রিক, আলসারের রোগী।
পুলিশ বাহিনীর উন্নয়নে এবং আধুনীকিকরনে বাবরের অবদান রয়েছে বলে জানান তিনি। দেশে জঙ্গিবাদ দমনেও তার অবদান ছিল। তার জামিন না দিলে জেলখানায় তার সুচিকিৎসা এবং তাকে ডিভিশন দেওয়ার আবেদন জানান আইনজীবীরা।
আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে জেলহাজতে চিকিৎসা ও ডিভিশনের ব্যাপারে কারা কর্তৃপক্ষকে জেল কোড অনুসরন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিকে অপর একটি প্রতারনা মামলায় পাঁচদিন রিমান্ড শেষে একই আদালত গিয়াসউদ্দিন আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৭৩০ ঘ.
bdnews24