রাজশাহী, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---রাজশাহীর সিটি মেয়র মিজানুর রহমান মিনু চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন। রোববার দুপুরে রাজশাহীর জেলা ও দায়রা জজ আবু বকর সিদ্দিকী তার জামিন মঞ্জুর করেন।
জামিনের পর বিকেলে মিনুর আইনজীবী অংকুর সেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গিয়ে জামিনের কাগজ--পত্র দাখিল করে তাকে কারাগার থেকে বের করে আনেন। এ সময় মেয়রের ঘনিষ্ঠজন ও বিএনপি কর্মীরা উপস্থিত ছিলেন। কারাগার থেকে বের হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মিনু সাংবাদিকদের বলেন, "আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।' এই বলেই তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন।
শুনানি শেষে আদালত জেলা বিএনপির সহ সভাপতি নজরুল হুদা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকেও জামিন দিয়েছেন। চাঁদাবাজি, লুটপাট ও ভাংচুরের মামলায় অভিযোগপত্র দাখিলের পর গত ৬ জুন মেয়র মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির অপর দুই নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।
এর পরদিন রাজশাহীর দায়রা জজ আদালতে মেয়র মিনুর আইনজীবীরা নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। বিচারক আবু বকর সিদ্দিকী তা নাকচ করে দেন এবং রোববার শুনানির জন্য দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল রাতে নগরীর রাজপাড়া থানায় রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ৪ লাখ টাকা চাঁদা দাবি, ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা করা হয়। মামলায় মেয়র মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সহ--সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি আলতাফ হোসেনসহ ১১ জনকে আসামী করা হয়।
নগরীর মহিশবাথান অচিনতলা এলাকার এভারগ্রীন মডেল স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য ও কলেজ ভবন নির্মান কমিটির আহবায়ক শামসুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা মেয়র মিনুসহ ১১ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৯৪৫ ঘ.
bdnews24