২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার পাইলট প্রকল্প ঘিরে শ্রীপুরে উৎসব আমেজ

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় পরীক্ষামূলকভাবে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে রোববার থেকে। একে কেন্দ্র করে শনিবার থেকেই উপজেলায় উৎসাহের আবহ তৈরি হয়েছে। প্রকল্প সফল করতে প্রশাসনিক প্রস্তুতিও শেষ হয়েছে। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে শনিবার শ্রীপুর উপজেলা নির্বাহীর কার্যালয় থেকে পৌর এলাকার স্কুলের শিক্ষার্থীরা শোভাযাত্রাও বের করে। প্রশাসন সূত্র জানিয়েছে, পাইলট প্রকল্পের ল্যাপটপ কম্পিউটারসহ আনুষঙ্গিক সাজসরঞ্জাম সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের প্রযুক্তিবিদরা পাইলট প্রকল্পে সার্বিক সহযোগিতা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 05:57 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

শ্রীপুর (গাজীপুর), জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গাজীপুরের শ্রীপুর পৌরসভায় পরীক্ষামূলকভাবে ছবিসহ ডিজিটাল ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে রোববার থেকে। একে কেন্দ্র করে শনিবার থেকেই উপজেলায় উৎসাহের আবহ তৈরি হয়েছে। প্রকল্প সফল করতে প্রশাসনিক প্রস্তুতিও শেষ হয়েছে। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে শনিবার শ্রীপুর উপজেলা নির্বাহীর কার্যালয় থেকে পৌর এলাকার স্কুলের শিক্ষার্থীরা শোভাযাত্রাও বের করে। প্রশাসন সূত্র জানিয়েছে, পাইলট প্রকল্পের ল্যাপটপ কম্পিউটারসহ আনুষঙ্গিক সাজসরঞ্জাম সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের প্রযুক্তিবিদরা পাইলট প্রকল্পে সার্বিক সহযোগিতা করছেন। পরীক্ষামূলক এ প্রকল্পের সফলতার ওপরই নির্ভর করছে সারাদেশে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শনিবার জানান, প্রশাসনের পক্ষ থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ ব্যাপারে একাধিক মতবিনিময় সভা করা হয়েছে। মোট ৩০টি ভোটকেন্দ্রে ভোটার নিবন্ধন করা হবে। কেন্দ্রে এসে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে তাদের তালিকাভুক্ত হতে হবে। ওই সময়ই তাদের তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে দেওয়া হবে। এতে সহায়তা করবে সেনাবাহিনীর ২৪টি ইউনিট। শ্রীপুর পৌর চেয়ারম্যান আনিছুর রহমান জানান, পৌর এলাকার নয়টি ওয়ার্ডের কমিশনারদের আহ্বায়ক করে নয়টি কমিটি করা হয়েছে। তারাই ভোটার তালিকার কাজ এগিয়ে নেবেন। তিনি আরও জানান, শনিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ফরম বিতরণ শুরু হয়েছে। ভোটাররা এসব ফরম পূরণ করে কেন্দ্রে এসে ভোটার হবেন। তবে নিরক্ষরদের ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তারা তাদের ফরম পূরণ করে দেবেন। এছাড়া তথ্যসংগ্রহের জন্য ১৪৫ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ করা হয়েছে বলেও তিনি জানান। আনিছুর রহমান বলেন, "জাতীয় পরিচয়পত্র পেলে ভোটাররা কী কী নাগরিক সুবিধা পাবেন, প্রচারণায় সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। তাই আমাদের আশা, সক্ষম সবাই ভোটার হবেন। এছাড়া ৩০টি কেন্দ্রের প্রতিটি আধা কিলোমিটারের মধ্যে হওয়ায় ভোটাররা বাড়তি সুবিধা পাবেন।" এদিকে শ্রীপুর পৌর এলাকায় শিক্ষিত মানুষদের মধ্যে ভোটার তালিকার বিষয়ে সচেতনতা লক্ষ্য করা গেলেও সাধারণ মানুষদের অনেকেই বলছেন, তারা পাইলট প্রকল্পের কথা জানেন না। হোমিও চিকিৎসক জসিম উদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইলট প্রকল্পের বিষয়ে টেলিভিশনের খবরে জেনেছি। বাড়ির সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাব। অন্যদিকে শ্রীপুর বাসস্ট্যান্ডের টেম্পোচালক মোহাম্মদ আলম (২৫) বলেন, 'নতুন ভোটার তালিকার কথা শুনিনি। গত বছর তো একবার ভোটার হয়েছি। আবার কেন ভোটার হতে হবে?' লোহাগাছা গ্রামের মরিয়ম বেগম (৫০) বলেন, 'মাইকে শুনেছি ভোটের কথা বলা হচ্ছে। এর বেশি কিছু জানি না।' উজিলাব গ্রামের কৃষিজীবী হাশেম ফকির (৮০) পাল্টা প্রশ্ন করেন, 'বার বার এতো ভোটার তালিকা কিসের? মহিলাদের স্কুল কেন্দ্রে গিয়ে তালিকায় নাম তুলতে হবে, এটা কেমন কথা?" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এএল/এসএনডি/১৩৪৭ ঘ.