ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর গুলশানের আলিশান বাড়িটি মঙ্গলবার নিয়ন্ত্রণে নিয়েছে গণপুর্ত মন্ত্রণালয়। জোট সরকারের আমলে গুলশান ৫৩ নম্বর সড়কের ৬ নম্বরের এই সরকারি বাড়িটি নিলামে তোলা হলে হারিছ চৌধুরী সেটি বেনামে বাজারমূল্যের চেয়ে অনেকে কম দামে কিনে নেন বলে অভিযোগ রয়েছে।
আদালতের নির্দেশে গত ১৫ এপ্রিল পুলিশ ওই বাড়ির মালামাল জব্দ করে তালা লাগিয়ে দিয়েছিল। তারপর থেকে বাড়িটি এতদিন পুলিশের জিম্মায় ছিল।
গণপুর্ত মন্ত্রণালয়ের গুলশান জোনের উপ--প্রকৌশলী সরোয়ার জাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, হারিছ চৌধুরী ২০০১ সালের ১৫ ডিসেম্বর থেকে ওই বাড়িতেই বসবাস করতেন। ২০০৪ সালের ডিসেম্বরে রাজউক ওই বাড়িসহ একসঙ্গে ১৮টি বাড়ির নিলাম ডাকে। তখন হারিছ চৌধুরী টাঙ্গাইলের বিএনপি নেতা ফকির মাহবুবুল আলম ওরফে স্বপন ফকিরের নামে পাঁচ কোটি ৩৬ লাখ ৯১ হাজার টাকায় বাড়িটি কিনে নেন।
সরোয়ার জাহান জানান, স্বপন ফকিরের নামে বাড়িটি কেনার পর ২০০৫ সালের ১১ জুন হারিছ চৌধুরী ওই বাড়ি ছেড়ে কিছুদিন অন্যত্র বসবাস করতে থাকেন। ২০০৬ সালের ৫ নভেম্বর তিনি আবার বাড়িটিতে ফিরে আসেন।
গণপুর্ত মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান, এ বছরের ২৬ এপ্রিল টাঙ্গাইলের বিএনপি নেতা স্বপন ফকির বাড়িটি সরকারকে বুঝিয়ে দিতে আগ্রহ প্রকাশ করে রাজউককে একটি চিঠি দেন।
তার চিঠির পরিপ্রেক্ষিতে রাজউক গত ২৩ মে মন্ত্রণালয়কে বাড়িটি বুঝে নেওয়ার অনুরোধ জানায়।
মঙ্গলবার দুপুরে বাড়িটি নিয়ন্ত্রণে নেওয়ার সময় সেখান থেকে গণপুর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, দুপুর তিনটায় বাড়িটি গুলশান থানা পুলিশের কাছ থেকে বুঝে নেওয়া হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুল হক জানান, গত ১৫ এপ্রিল আদালতের নির্দেশে হারিছ চৌধুরীর বাসার মালামাল জব্দ করে বাড়িটিতে তালা লাগিয়ে দেওয়া হয়। সে সময় বাড়িটি থেকে একটি ডাইনিং টেবিল, চারটি চেয়ার, একটি স্যুটকেস ও ২৭ টি সিলিং ফ্যান জব্দ করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে হারিছ চৌধুরীর নাম দুর্নীতিবাজদের তালিকায় প্রকাশিত হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/এমএইচবি/১৮৫৭ ঘ.
bdnews24