ভয় দেখিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে চায় সরকার: হাসিনা
জনগণকে ভয়ভীতি দেখিয়ে সরকার অন্যদিকে দৃষ্টি সরাতে চাচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মুজিবুন্নেছা হাসপাতালে চোখের চিকিৎসক দেখিয়ে বেরিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, “এ সমস্ত খেলা আর বেশিদিন চলবে না। জরুরি অবস্থার সময় সরকারকে বুঝে চলতে হবে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে গ্রেপ্তারের বিষয়ে হাসিনা বলেন, আমার ফুফু (সেলিমের মা) খুব অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছেলের আটকের খবর তিনি সহ্য করতে পারবেন না। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় দফায় দফায় কেন তল্লাশি চালানো হচ্ছে সেটাই আমি বুঝতে পারছিনা।
প্রকৃত দুর্নীতিবাজদের ধরা হচ্ছেনা এবং তাদের ধরা হবেওনা বলে মনে করেন আওয়ামী লীগ সভানেত্রী। তিনি বলেন, এভাবে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ চলতে পারেনা। প্রকৃত দুর্নীতিবাজদের ধরার দাবি জানান তিনি।
জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুত নির্বাচনের তারিখ এবং ভোটার তালিকা হালনাগাদ করার আহবান জানান তিনি।
