২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র কামরানকে কোতয়ালি থানায় সোপর্দ

সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেট কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার মাঝরাতে তাকে আটক করে যৌথবাহিনী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 11:29 AM

Updated : 26 Apr 2022, 02:23 PM

সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুন নূর বিডিনিউজ২৪.কমকে মেয়রকে থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আপনারা ভিড় করবেন না, বিধি নিষেধ রয়েছে। উনি আমাদের হেফাজতে আছেন।”

সোমবার রাত ১২টার দিকে মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে নগরীর গুলশান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। সিলেটের আলোচিত কিচেন মার্কেট দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত ৮ মে তিনি অর্ন্তবর্তী জামিনে মুক্তি পান।

গুলশান রেস্টুরেন্টের ম্যানেজার সিবুল চন্দ্র দাশ রাত সাড়ে ১২ টায় বিডিনিউজ২৪.কমকে কে বলেন, “ রাত ১২ টার দিকে তিনটি গাড়িতে যৌথবাহিনীর সদস্যরা এসে হোটেলের প্রবেশপথ থেকে মেয়রকে ধরে নিয়ে যায়।”

পরে রাত দেড়টার দিকে কামরানের বাসায় যৌথবাহিনী তল্লাশি চালিয়ে নগদ এক লাখ টাকা, ৩৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্র জানায়।

গত ৬ এপ্রিল কামরানকে প্রথমবারের মতো গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে ৮ মে তিনি জামিনে কুমিল্লা কারাগার থেকে ছাড়া পান।