শেখ সেলিম, আবদুল আউয়াল মিন্টু আটক
মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটায় যৌথ বাহিনী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে। তার বাসার একজন কর্মচারী বিষয়টি বিডিনিউজ২৪.কমকে নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাত দেড়টার দিকে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে বনানী নৌবাহিনী সদর দপ্তরের সামনের রাস্তা থেকে আটক করে যৌথবাহিনী। তার ছোট ভাই মো. আকবর হোসেন বিডিনিউজ২৪.কম কে জানান, জয়পুরহাট থেকে ফেরার সময় আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদের কথা বলে যৌথবাহিনী আটক করে নিয়ে যায়।
এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে মঙ্গলবার ভোর রাতে যৌথবাহিনীর সদস্যরা আটক করে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে সোমবার রাতে যৌথবাহিনীর সদস্যরা আটক করেছে।
সোমবার দুপুরে এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল ও বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান বিএনপির সাবেক সাংসদ এম এ হাশেমকেও গ্রেপ্তার করা হয়েছে।
