ভোটার তালিকার তথ্য সংকলন শেষ হবে ২০০৮ এর জুনে
নির্বাচন কমিশন ২০০৮ সালের জুনের মধ্যে ছবিসহ ভোটার তালিকার তথ্য সংকলনের (ডাটা এন্ট্রি) কাজ শেষ করবে।
এরপর চলবে তালিকা সংশোধনের কাজ। ভোটারদের জাতীয় পরিচয়পত্রও একই সঙ্গে দেওয়া হবে।
বৃহস্পতিবার কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী বছর জুনের মধ্যে তথ্য সংকলনের কাজ শেষ হচ্ছে। তবে সবকিছু নির্ভর করছে প্রয়োজনীয় উপকরণ কেনার ওপর। উপকরণ কেনার জন্য এ মাসেই দরপত্র ডাকা হবে।”
সচিব জানান, জাতীয় পরিচয়পত্র তৈরির প্রকল্পটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও নির্বাচন কমিশনই এতে নেতৃত্ব দেবে। ভোটার তালিকা ও পরিচয়পত্র তৈরির কাজ একইসঙ্গে চলবে। এজন্য একই উপকরণ ও লোকবল ব্যবহার করা হচ্ছে। তাই বাড়তি খরচ খুব একটা হবে না। একটি ফরম থেকেই ভোটার তালিকা ও পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহ করা হবে।
এসব তথ্য বিদেশে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, “ডাটা এন্ট্রিভুক্ত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরিমর্শকরাও এজন্য কাজ করছেন।”
তিনি বলেন, সারাদেশে বাড়ি বাড়ি ফরম বিতরণ করে তথ্য সংগ্রহ করা হলেও ভোট কেন্দ্রে বসেই তথ্য সংকলনের কাজ চলবে। এতে পুরো কাজ সহজ হয়ে আসবে।
কমিশন ছবিসহ ভোটার তালিকার কাজ শেষ করার সর্বোচ্চ সময় ধরেছে ১৮ মাস। এ জন্য বাজেট ধরা হয়েছে ৩৫০ থেকে ৪৫০ কোটি টাকা। কমিশন কর্মকর্তাদের ধারণা, এবার সারাদেশে ভোটার সংখ্যা হবে প্রায় সাত কোটি।
