চাঁদাবাজি মামলায় ১৬ মে মেয়র মিনুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার অভিযোগপত্র গত ১৬ মে জমা দিয়েছে রাজপাড়া থানা পুলিশ।
মহানগর আদালতের উপ--পরিদর্শক (সিএসআই) শামসুল আলম জানান, রাজপাড়া থানার উপ--পরিদর্শক (এসআই) আবদুুর রহমান সরকার গত ১৬ মে কঠোর গোপনীয়তার মধ্যে মেয়র মিনুসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অন্য অভিযুক্তরা হলেন, মহানগর বিএপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সহসভাপতি নজরুল হুদা, বিএনপি নেতা তাহাজউদ্দিন ওরফে সেন্টু, মাইনুল ইসলাম, বাবু, রঞ্জু, আশরাফ, সামসুল ও আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগপত্রে বলা হয়, মেয়রের নির্দেশে মামলার বাকি অভিযুক্তরা চলতি বছর ২৯ মার্চ নগরীর রাজপাড়া থানা এলাকার বহরমপুর চৌরাস্তা মোড়ে বাদী শামসুল আলম খানের কাছ থেকে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন।
শামসুল আলম রাজশাহী শহরের এভারগ্রীন মডেল কলেজের গভর্নিং বডির সদস্য এবং কলেজ ভবন নির্মাণ কমিটির আহবায়ক।
অভিযোগপত্রে আরো বলা হয়, টাকা না পেয়ে তারা নির্মাণ কাজের জন্য আনা ২৫ হাজার টাকার ইট লুটে নেয়। একইসঙ্গে কলেজে হামলা চালিয়ে প্রায় ১৩ হাজার টাকার আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে।
শামসুল আলম এ বছরের ২১ এপ্রিল রাজপাড়া থানায় মেয়র মিনুসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার দায়েরের পর মেয়র মিনু, শফিকুল হক মিলন ও নজরুল হুদা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন।
