দল গঠনের ৫ বছর পর নির্বাচনে যাওয়া উচিত: জলিল
একটি নতুন রাজনৈতিক দল গঠনের পর অন্তত পাঁচ বছর রাজনীতিতে সম্পৃক্ততা দেখিয়েই নির্বাচনে যাওয়া উচিত, নইলে স্বচ্ছতা থাকে না। এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল। মঙ্গলবার দুপুরে মার্কেন্টাইল ব্যাংকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তার মতে, সংসদ, রাজনৈতিক দল ও সরকার- এ তিন স্তরেই সংস্কারের প্রয়োজন রয়েছে।
সংস্কারের বিষয়ে নির্বাচন কমিশনের খসড়া প্রস্তাব নিয়ে আব্দুল জলিল বলেন, “ওই প্রস্তাবের বেশ কয়েকটি বিষয় আওয়ামী লীগ নীতিগতভাবে সমর্থন করে। তবে, রাজনৈতিক দলগুলোর সব স্তরের কমিটিতে শতকরা ৩৩ শতাংশ নারী রাখার যে কথা বলা হয়েছে, তা বাস্তবসম্মত নয়।”
তিনি বলেন,“নারী নেতৃত্বের গুণগত মান এক জিনিস। আর, রাস্তায় নারী কর্মীদের উপস্থিতির হার আরেক জিনিস।”
রাজনৈতিক দলগুলোর তহবিল ব্যবস্থাপনার বিষয়টি আরও স্বচ্ছ করতে সরকারকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন জলিল। এক্ষেত্রে তার প্রস্তাব, “ভোট সংখ্যার ভিত্তিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দলগুলোকে টাকা দেওয়া হোক। প্রতিটি ভোটের জন্য পাঁচ টাকা করে দেওয়া যেতে পারে। আর, দলগুলোও প্রতি বছর তাদের হিসাব সরকারের কাছে জমা দেবে।”
আওযামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সংসদে স্পিকার নিরপেক্ষ না থাকলে বিরোধী দল কথায়-কথায় ওয়াক আউট করে। এতে সংসদের কার্যক্রম ব্যাহত হয়। তাই স্পিকার কে হবেন, তা সংসদ নির্বাচনের আগেই নির্ধারণ করা প্রয়োজন। আর ওই ব্যক্তিকে কোনও দল থেকে মনোনয়ন দেওয়া যাবে না।”
এছাড়াও মন্ত্রণায়লগুলোকে সংসদের স্থায়ী কমিটিগুলোর কাছে আরও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও আব্দুল জলিল মনে করেন।
তিনি বলেন, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, কালোটাকামুক্ত সংসদ গড়ে তুলতে দলগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। তা হলেই যে সংস্কারের কথা বলা হচ্ছে তা বাস্তব রূপ পাবে।
আগামীতে পেশীশক্তি, দুর্নীতিবাজ ও কালোটাকা মুক্ত সংসদের বিষয়ে আশা প্রকাশ করে জলিল বলেন, “মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে সংসদ আগের মতোই অকার্যকর হয়ে পড়বে। নির্বাচনে একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবে সে বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।”
তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত দলের দুই নেতার (শামীম ওসমান ও জয়নাল হাজারী) বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনাÑ সাংবাদিকরা সে বিষয়ে প্রশ্ন করলে জলিল তা এড়িয়ে যান।
এছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর বিরুদ্ধে মনোনয়নের বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগে বাতিল হয়ে যাওয়া নির্বাচনে নারায়ণগঞ্জ - ১ আসনে মহাজোটের প্রার্থী গাজী গোলাম দস্তগীরের মামলার বিষয়েও কোনও মন্তব্য করেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
