গঠনতন্ত্রের প্রয়োগ নেই বলে বিএনপিতে গণতন্ত্রের চর্চা হচ্ছে না: গয়েশ্বর
গঠনতন্ত্র সঠিকভাবে প্রয়োগ না হওয়ায় বিএনপিতে গণতন্ত্রের চর্চা হচ্ছে না। এর ফলে সুবিধাবাদী নেতাদের কারণে চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে। নফহব২ি৪.পড়স--এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা স্বীকার করেছেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৯৯১ সালের মন্ত্রিসভার সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রোববার তার রায়ের বাজারের বাসায় সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, ‘‘গঠনতন্ত্র বাস্তব প্রয়োগের অভাবেই বিএনপিতে গণতন্ত্র চর্চা হয়নি। চেয়ারপারসনকে এককভাবে বাড়তি ক্ষমতা বহন করতে হয়েছে।” সংস্কারের প্রসঙ্গে গয়েশ্বরের সাফ কথা, “যারা সত্যিকারভাবে সংস্কার চান আমি তাদের সাধুবাদ জানাই। কিন্তু কেউ যদি কোনো মতলব নিয়ে দলে সংস্কারের পক্ষে কথা বলে থাকেন, সেক্ষেত্রে আমি বলব--- বৃটিশরা মীরজাফরের কাছ থেকে সহযোগিতা নিয়েছে, কিন্তু তাকে দিল্লির মসনদে বসায়নি। কারণ বিট্রেয়ার ইজ অলওয়েজ এ বিট্রেয়ার।’’
সংস্কার করতে হলেও খালেদা জিয়ার নেতৃত্বেই তা হবে বলে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের চেয়ারপারসনের নেতৃত্ব ছাড়া সংস্কার সম্ভব নয়। জরুরি অবস্থা উঠে গেলে বিষয়টি দলের ভেতরে আলোচনা করে চূড়ান্ত হবে।
চেয়ারপারসনের ক্ষমতার বিকেন্দ্রীকরণে প্রসঙ্গে সাবেক এ যুবনেতা বলেন, দলের গঠনতন্ত্রেই এ বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার অংশীদারিত্বের কথা বলা রয়েছে। কিন্তু সুবিধাবাদী কিছু নেতার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না। উদাহরণ হিসেবে বলা যায়, মাঠ পর্যায়ের কোনো এলাকার নেতা বা সাংসদ তার পছন্দসই ব্যক্তিকে নেতৃত্বে বসাতে চান। এমন পরিস্থিতিতে চেয়ারপারসনকে বিশেষ ক্ষমতার আশ্রয় নিতে হয়। অনেক নেতাই এভাবে মাঠ পর্যায়ে মূল দল এমনকি অঙ্গসংগঠনগুলোকেও স্বাধীনভাবে কাজ করতে দেয় না।
মাঠ পর্যায়ে সুবিধাবাদী নেতাদের এমন আচরণে দল ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘‘এতে দলে স্বাধীনভাবে গণতন্ত্র চর্চাও হচ্ছে না। এ অবস্থার অবশ্যই পরিবর্তন জরুরি। গঠনতন্ত্র এমন কিছু সংযোজন করতে হবে যাতে সুবিধাবাদীরা দলের ঐক্য বিনষ্ট না করতে পারে।”
বিএনপি অঙ্গসংগঠনের নেতৃত্ব সর্ম্পকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যখন নেতৃত্বে ছিলাম তখন কখনোই ওপর থেকে চাপিয়ে দেয়া সিদ্ধান্ত আসেনি। কারো পছন্দ মতো কমিটি উপহার দেওয়া হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হয়ে আমরা সংগঠন পরিচালনা করেছি। তৃণমূল পর্যায়েও নেতা নির্বাচন হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু এখন যুবদলে সংগঠনিক প্রক্রিয়ায় ছন্দ পতন হয়েছে।”
যুবদলের সাবেক এই সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এই সংগঠনের নেতৃত্ব তাদের ‘উর্ধ্বতন নেতা’ -কে সন্তুষ্ট রাখতে গিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয়েছে।
দুর্নীতিবাজদের সর্ম্পকে তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুসারে দুর্নীতিবাজ প্রমাণিত হলে দলীয় প্রাথমিক সদস্যপদ থাকতে পারে না। সে কারণে বিচারে দুর্নীতিবাজ প্রমাণিত হলেই দল তাদের বিরুদ্ধে নিশ্চিভাবেই ব্যবস্থা নেবে।
দলের চেয়ারপারসন ও মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হয়নি দাবি করে তিনি বলেন, জরুরি অবস্থায় কিছু অলিখিত নিষেধাজ্ঞার কারণে তাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগ নেই। তবে দৃশ্যের আড়ালে দুজনের মধ্যে যোগাযোগ আছে।’’
