যুদ্ধাপরাধীদের দল থেকে বাদ দেওয়া উচিত: মীর শওকত আলী
সংস্কারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের দল থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী।
এদিকে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, খালেদা জিয়া চিরদিন নেতৃত্বে থাকবেন না। নতুন নেতৃত্ব নিয়ে ভাববার সময় এসেছে।
রোববার চ্যানেল আইতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন।
শওকত আলী বলেন, “যুদ্ধাপরাধীরা ক্রিমিনাল। সংস্কার করে তাদের দল থেকে বাদ দেওয়া উচিত।”
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের জন্যই আমি দলে নিষ্ক্রিয় হয়ে আছি। ক্রিমিনালদের সঙ্গে এক টেবিলে বসতে পারব না।”
তিনি মনে করেন, দুটি প্রধান দল রাজাকার ও যুদ্ধাপরাধীদের দলে বা জোটে না নেওয়ার সিদ্ধান্ত নিলে ভাল হতো।
দলে আবার সক্রিয় হবেন কি না জানতে চাইলে তিনি জানান, দুর্নীতিবাজ ও অপরাধীরা দলে থাকলে তিনি কখনোই সক্রিয় হবেন না।
অন্যদিকে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা চ্যানেল আইকে বলেন, “দলের চেয়ারপারসনের মধ্যে পারসোনালিটি, আন্দোলনের অভিজ্ঞতা ও এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবই রয়েছে। কিন্তু তিনি চিরদিন থাকবেন না, আমিও থাকব না। দলে নতুন নেতৃত্ব আসবে। তাদের জন্য আমরা কী রেখে যাব তা ভাবার সময় এসেছে।”
এ বিষয়ে খালেদা জিয়াকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
