২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি বাড়ি না গিয়ে ক্যাম্প তৈরি ভোটার তালিকা করা হতে পারে

ছবিসহ নতুন ভোটার তালিকা তৈরি করতে বাড়ি বাড়ি না গিয়ে ৬৯ হাজার ক্যাম্প তৈরির কথা ভাবছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 08:20 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রোববার বিকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এর আগে বেলা ১২ টা থেকে সিইসির সভাপতিত্বে ভোটার তালিকা তৈরির উপায় দিনভর একটি সভা হয় কমিশনে। অন্য দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন ছাড়াও কমিশনের পাঁচ সদস্যর পরামর্শক দল এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল শফিকুল ইসলামের নেতৃত্বে সেনা বাহিনীর একটি প্রতিনিধি দল সভায় যোগ দেন। এতে সেনা প্রতিনিধি ও পরামর্শদের পক্ষ থেকে ভোটার তালিকার পৃথক প্রকল্প প্রস্তাব তুলে ধরা হয়।

বৈঠক শেষে সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, “বাড়ি বাড়ি গিয়ে, না ক্যাম্প করে তথ্য নিয়ে ছবিসহ ভোটার তালিকা করা হবে, আমরা এখনো তা ঠিক করিনি। তবে মনে হচ্ছে, ক্যাম্প করে তালিকা করলে কাজটা ত্বরান্বিত হবে। যে ৬৯ হাজার স্থানীয় ভোট কেন্দ্র রয়েছে, সেগুলোকেই আমাদের ক্যাম্প করতে হতে পারে।”

তিনি জানান, রোববারের বৈঠকে কমিশনের পরামর্শক ও সেনা বাহিনীর পক্ষ থেকে ছবিসহ ভোটার তালিকা তৈরী করতে ডিজিটাল, অপটিকাল মার্ক রিডার (ওএমআর) এবং সনাতন-এই তিনটি পদ্ধতি তুলে ধরা হয়। কমিশন কোন পদ্ধতিতে এই কাজ করবে, তা আজকালের সিদ্ধান্ত নেওয়া হবে।

একেকটি পদ্ধতির জন্য একেক রকম সময় ও খরচ হবে-এ কথা জানিয়ে সিইসি বলেন, “ আমরা ১৮ মাসের মধ্যেই এই কাজ শেষ করতে চাই। পারলে আমরা আরো আগেই ভোটার তালিকা করে ফেলবো। ভোটার তালিকার জন্য সময়কে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। আর এ জন্য আমাদের বাজেট ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা।”

ভোটার তালিকার জন্য ওই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার পর নির্বাচন কমিশন কম্পিউটার, ডিজিটাল ক্যামেরাসহ প্রয়োজনীয় উপকরণ কেনাকাটা করবে বলেও জানালেন তিনি।

এর আগে আদালতের পক্ষ থেকে বলা হয়েছিলো, ২০০০ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে হালনাগাদ তালিকা তৈরি করতে। ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে গেলে আদালতের এই রায়টিকে পাশ কাটানো হবে কি না, তা জানতে চাইলে কমিশনার ছহুল হোসাইন বলেন, “আমরা ছবিসহ নতুন ভোটার তালিকাই তৈরী করবো। সম্প্রতি হাইকোর্ট আবারো এক রায়ে ভোটার তালিকা তৈরি করতে সব ধরনের প্রযুক্তি ব্যবহার করার কথা বলেছে; তাই আদালতের রায়ের সঙ্গে আমাদের কোনো বিরোধ হবে না।”