হাসিনাকে খালেদার শুভেচ্ছা
খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন।
দু’দলের সম্পর্কের বিবেচনায় এটি একটি অনন্য ঘটনা ও সৌহার্দ্যের অনুপম নিদর্শন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার রাতে এক বিবৃতিতে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। শেখ হাসিনার ওপর বিধি-নিষেধ প্রত্যাহারের জন্য একইসঙ্গে তিনি ধন্যবাদ জানান তত্ত্বাবধায়ক সরকারকেও ।
খালেদা জিয়া বলেন, স্বদেশে অবস্থান ও অবাধে চলাফেরা এবং আইনসম্মতভাবে সকল কর্মকান্ড পরিচালনা করতে পারা প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। এই অধিকার সুরক্ষা ও এর প্রতি সম্মান দেখানোর ব্যাপারে সংশ্লিষ্ট সবাই যত্নবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির প্যাডে দেওয়া খালেদার এই বিবৃতির নিচে স্বাক্ষর করেন দলের সহ দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
