জরুরি অবস্থা থাকলেও সংবাদ মাধ্যমের ওপর বিধি-নিষেধ নেই: ফখরুদ্দীন
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী।
দেশে জরুরি অবস্থা থাকলেও সংবাদ মাধ্যমের ওপর কোনো বিধি-নিষেধ নেই।
রোববার বিকেলে নিউজ পেপারস্ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সদস্য কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদক এবং বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এক তথ্য বিবরণীতে জানানো হয়, ফখরুদ্দীন আহমদ বলেন, সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়া জনগণের সঙ্গে সরকারের যোগসূত্র হিসেবে কাজ করছে। তিনি গণমাধ্যমকে সরকারের নীতি ও কৌশল তুলে ধরার পাশাপাশি জনগণের মতামত ও চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান। সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখার লক্ষ্যে কোনো বাধা বা সমস্যার সৃষ্টি হলে তা তাঁর নজরে আনার জন্য তিনি সম্পাদকদের পরামর্শ দেন।
ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুবুল আলম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, মন্ত্রি পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম প্রমুখ উপস্থিত ছিলেন।
নোয়াবের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, যুগান্তর সম্পাদক গোলাম সারওয়ার, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক রাহাত খান, জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, সমকাল সম্পাদক আবেদ খান, নিউ এজ সম্পাদক নূরুল কবির, সংবাদ সম্পাদক বজলুর রহমান, চ্যানেল আই এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, এটিএন বাংলার উপদেষ্টা সাইফুল বারি।
