২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী সমর্থক শিল্পপতি গাজী দস্তগীর আটক

গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীরকে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে তার সিদ্বেশ্বরীর বাড়ি থেকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

গোলাম দস্তগীর ক্রিকেট বোর্ড এর সহ-সভাপতি এবং বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনে নারায়নগঞ্জ-১ আসনের জন্য আওয়ামী লীগ থেকে প্রাথমিক মনোনয়ন পান।

সিদ্ধেশ্বরী এলাকার নিরাপত্তারক্ষী ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, বৃহস্পতিবার মধ্যরাতের পর ১২জন আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা দুটি মাইক্রো বাসে করে বাড়ির আঙিনায় প্রবেশ করেন। ওই ১২ জনের মধ্যে দুইজনকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর পোশাক পরহিত ছিলেন বলে ফজলুল হক নিজে দেখেছেন বলে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর এর প্রতিবেদক আবু নোমান সজীব সিদ্ধেশ্বরীর ৪ নম্বর এর গাজী হাউস এর রক্ষী সুলতানের কাছ থেকে জানতে পেরেছেন গোলাম দস্তগীরকে রাত একটায় সাদা পোশাকধারী লোকজন এসে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হবে বলেও সুলতানকে জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন।

আবু নোমান সজীব অন্তত তিনজন প্রত্যক্ষদর্শী প্রতিবেশীর কাছ থেকে রাতে দস্তগীর গাজীকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

এব্যাপারে রমনা, র‌্যাব সদর দপ্তরে যোগাযোগ করা হলে কেউ এই আটকের সঙ্গে নিশ্চতভাবে কোনো কিছু বলতে পারেনি।