২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের কারো দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন খালেদা

বিচারে দলের কারোর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চেয়ারপার্সন খালেদা জিয়া এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 09:35 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

দলের সহসভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার সোমবার সন্ধ্যায় তার সঙ্গে দেখা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এ তথ্য জানান।

সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামও ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

এম কে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “ম্যাডাম বলেছেন, বিচারে দলের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণ হলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। তিনি দলে সংস্কার কাজের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। জনগণ যেভাবে সংস্কার চায় সেভাবে তা করা হবে খালেদা জিয়া বলেছেন।”

শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “নেত্রীর সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলাম। তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। তিনি আমার কাছে দলীয় কর্মীদের খোঁজখবরও জানতে চেয়েছেন। আমি যতটুকু জানি তা বলেছি।”

শামসুল ইসলামও জানান, চেয়ারপার্সন তার সঙ্গে দলের ভেতরে সংস্কারসহ অন্যান্য বিষয় নিয়েও কথা বলেছেন।

প্রসঙ্গত, শুক্রবার থেকে দলের সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গে পর্যায়ক্রমে দেখা করছেন।