দুই নেত্রীকে বিদেশে পাঠানোর ধারণা দুই দলের ভেতর থেকেই দেওয়া: মইনুল
আইন উপদেষ্টা মইনুল হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ নেত্রীকে দেশের বাইরে পাঠানোর পরামর্শটা এসেছে ওই দুই দলের ভেতর থেকেই।
শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা বলেন, ওই দুই নেত্রীর দেশে থাকা বা না থাকাটা সরকারের জন্য কোনো সমস্যা নয়। দুই নেত্রীর ব্যাপারে সরকারি সিদ্ধান্ত ঘোষণার দুইদিন পর মইনুল একথা বললেন।
সাক্ষাৎকারে মইনুল বলেন, দুই দলের ভেতর থেকে বলা হয়েছিল, দুই নেত্রীকে দেশের বাইরে পাঠিয়ে না দিলে রাজনৈতিক দলগুলোর ভেতর প্রয়োজনীয় সংস্কার কাজ চালানো যাবে না।
এর আগে বৃহস্পতিবার ব্যারিস্টার মইনুল হোসেন শেখ হাসিনার দেশে ফেরার ওপর থেকে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে বলেছিলেন, ভুল করে দ্রুত আবার সঠিক সিদ্ধান্ত নেওয়া সরকারের সাহসিকতারই পরিচায়ক।
গত ১৮ এপ্রিল এক প্রেস নোটের মাধ্যমে সরকার আমেরিকা সফররত আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তাতে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, তিনি দেশে ফিরে এলে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে।
নিষেধাজ্ঞা দেওয়ার পর শেখ হাসিনা দেশে ফেরার উদ্যোগ নিলে গত বছরের ২৮ অক্টোবর পল্টন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তাকে অন্যতম অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত।
২২ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে এলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস না দেওয়ায় তিনি তার বোনের বাড়িতে ফিরে যান।
২৩ এপ্রিল হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। ২৫ এপ্রিল সাবেক বিরোধী দলীয় দলীয় নেতার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে জারি করা প্রেসনোট প্রত্যাহার করে সরকার। একই সঙ্গে আরেক প্রেস নোটে বলা হয়, সাকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের চলাফেরায় কোনো রকমের বিধি-নিষেধ আরোপ করা হয়নি।
দীর্ঘদিন দৃশ্যত গৃহবন্দী খালেদাকে নির্বাসনে পাঠানো হচ্ছে-পত্রপত্রিকার এমন খবরের পর সরকার ওই প্রেস নোটটি জারি করে।
২৫ এপ্রিলের প্রেস নোটে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সংবাদ মাধ্যম ও বিভিন্ন মহলের মতামতের ভিত্তিতে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে।
শেখ হাসিনা এখন লন্ডন রয়েছেন এবং খালেদা জিয়া শিগগগিরই ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাবেন বলে তার ভাই সাঈদ ইস্কান্দার জানিয়েছেন।
