২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের ভোটাধিকার দিতে নতুন আইন হচ্ছে

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিতে নির্বাচন কমিশন নতুন আইন তৈরি করতে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে প্রবাসীদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি একটি বড় সমস্যা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিপ্লব রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 03:27 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শুক্রবার এক টেলিফোন সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা নির্বাচনী আইন (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) পর্যালোচনা করে দেখেছি। শুধু এই আইনটি সংস্কার করে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দেওয়া সম্ভব নয়। এ জন্য আমরা নাগরিকত্ব আইন এবং সংবিধানও পর্যালোচনা করছি। প্রবাসীদের ভোটাধিকার দিতে এই তিন ধরনের আইন পর্যালোচনা শেষে একটি নতুন আইন করতে হবে।”

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা হাইকোর্টে আবেদন করে তাদের ভোটাধিকারের পক্ষে আদালতের একটি নির্দেশও পেয়েছেন, এ কথা মনে করিয়ে দিয়ে সাবেক আইনসচিব ছহুল হোসাইন বলেন, “আদালতের এই নির্দেশটিও বিবেচনায় রাখতে হচ্ছে আমাদের। তিন পুরুষ ধরে প্রবাসে আছেন এমন বাংলাদেশিদেরও ভোটাধিকার দেওয়া প্রয়োজন।”

প্র্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, “দ্বৈতনাগরিকত্ব একটি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ জন্য বিভিন্ন দেশের ভোটাধিকার বিষয়ক আইনও খতিয়ে দেখছি আমরা। কারণ দ্বৈতনাগরিকত্বের ক্ষেত্রে একেক দেশের আইন একেক রকম।”

তবে যারা কর্মসূত্রে বিদেশে আছেন তাদের নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে নেওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই। তারা সহজেই ভোট দিতে পারবেন বলে ছহুল হোসাইন জানান।

কমিশনের একটি সূত্র জানিয়েছে, প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এর আগে এ বিষয়ে কমিশন সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবে।

নির্বাচনী আইন সংস্কার নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সুশীল সমাজের সঙ্গে দিনব্যাপী এক মতবিনিময় সভা করেছে। এতে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার পক্ষে বিশিষ্ট নাগরিকরা মত দিয়েছেন।

প্রবাসীরা দূতাবাসের মাধ্যমে, নাকি সরাসরি ইমেইল বা পোস্টাল ব্যালটে ভোট দেবেন-কমিশনকে সে বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। প্রায় ৭০ লাখ বাংলাদেশি প্রবাস জীবন-যাপন করছেন বলে এক পরিসংখ্যানে জানা গেছে।