২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ফিরতে বাধা নেই, খালেদাও ‘মুক্ত’

মাত্র আট দিনের মাথায় সেনা সমর্থিত অর্ন্তবর্তী প্রশাসন সিদ্ধান্ত বদলে শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মহসিন উল করিম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 10:54 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেসনোটে আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরাার বিষয়ে জারি করা প্রেস নোট প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে জারি করা আরেক প্রেসনোটে সরকার বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশত্যাগ ও স্বাভাবিক চলাচলের ওপরে কোনও প্রকার বিধিনিষেধ আরোপ করা হয়নি।

খালেদা জিয়াকে নির্বাসনে পাঠানো হচ্ছে পত্রপত্রিকার এমন খবর এবং তিনি গৃহবন্দী কিনা তা জানতে চেয়ে সরকারের কাছে আদালতের ব্যখ্যা চাওয়ার পর এই প্রথমবারের মত প্রশাসন সাবেক প্রধানমন্ত্রীর

ব্যাপারে মুখ খুললো।

প্রেস নোটের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন ও ন্যায়নীতির বিজয় হয়েছে। জনগণের সেন্টিমেন্টের বিজয় হয়েছে। আবারও প্রমাণিত হলো সংবিধান ও গণতন্ত্রের ওপর কেউই নেই।”

সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া সাংবাদিকদের বলেন, “সরকারের জারি করা দুই প্রেস নোটের ফলে জণগনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে জণগনের সাংবিধানিক অধিকার অক্ষুন্ন থাকবে বলে আমি আশা করি।”

হাসিনার ব্যাপারে জারি করা প্রেস নোট বলা হয়, “ সংবাদ মাধ্যম ও বিভিন্ন মহলে মতামত প্রকাশের পরিপ্রেক্ষিতে সরকার প্রেস নোটটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।”

এর আগে মঙ্গলবার রাতে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়,“ সরকার সঠিক সিদ্ধান্ত না নিলে বাংলাদেশের গণতš হুমকির মুখে পড়েবে।”

দৃশ্যত চাপে পড়ে সেনা সমর্থিত প্রশাসন দেশের দুই প্রধান রাজনৈতিক নেত্রীর ব্যাপারে আগের সিদ্ধান্ত থেকে সরে এলো।

প্রেস নোট জারি করার পর শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো কিনা প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে টেলিফোনে বলেন, “ এ বিষয়ে সরকারি প্রেস নোটে বিস্তারিত বলা আছে। এর বেশী আমি আর কোন মন্তব্য করবো না।”

এদিকে নাম প্রকাশ না করার শর্তে অন্য এক উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে টেলিফোনে জানান, “ প্রেস নোট জারির মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যত প্রত্যাহার হলো।”

তিনি আরো বলেন,“ শেখ হাসিনা দেশে ফিরলে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এ আশঙ্কায় সরকার বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। সে ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ায় তার দেশে ফেরার ব্যাপারে কোন বাধা রইলো না।”

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ সিভিল এভিয়েশন শেখ হাসিনাকে বহন না করার ব্যাপারে ব্রিটিশ এয়ারওয়েজকে যে চিঠি দিয়েছিল তাও প্রত্যাহার করা হচ্ছে। এ বিষয়ে সিভিল এভিয়েশন পৃথক একাটি চিঠির মাধ্যমে ব্রিটিশ এয়ারওয়েজকে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিবে।”

সরকারের নিষেধাজ্ঞার কারণে কোন উপদেষ্টা নাম প্রকাশ করে শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ রাজনৈতিক বিষয়ে আপাতত কোন ধরনের মন্তব্য করছেন না বলেও জানান এ উপদেষ্টা।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার ব্যাপারে জানতে চাওয়া হলে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ সরকারের সিদ্ধান্ত নেত্রীকে জানানো হয়েছে। দেশে ফেরার দিনক্ষণ ঠিক হয়নি।”

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) মো. মোজিবুর রহমান সাক্ষরিত প্রেস নোটে বলা হয়, বর্তমানে বিদেশ সফররত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড এবং তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সরকার জনস্বার্থে ও বিশেষ সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে গত ১৮ এপ্রিল একটি প্রেস নোট ইস্যু করেছিল। ওই প্রেস নোটটিতে বলা হয়েছিল এটি সাময়িক পদক্ষেপ। এ সম্পর্কে সংবাদ মাধ্যম ও বিভিন্ন মহলে মতামত প্রকাশের পরিপ্রেক্ষিতে সরকার প্রেস নোটটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

অপর প্রেস নোটে বলা হয়েছে, “বিএনপি চেয়রপারসন খালেদা জিয়া সম্পর্কে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে তার বিদেশ সফর ও চলাচলের স্বাধীনতা বিষয়ে অনুমাননির্ভর সংবাদ ও মতামত প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। সরকারের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বিদেশ সফর বা দেশত্যাগের ব্যাপারে খালেদা জিয়ার ওপর সরকারের পক্ষ থেকে কখনোই কোনও চাপ প্রয়োগ করা হয়নি এবং এখনও হচ্ছে না। তার চলাচলের ওপর সরকারের পক্ষ থেকে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি।”

গত ১ এপ্রিল থেকে খালেদা জিয়া শহীদ মইনুল সড়কে তার বাসভবন থেকে বের হয়ে কোনও কর্মসুচীতে অংশ নেননি। একইসঙ্গে তার বাসায় ছয়জন নির্ধারিত ব্যক্তি ছাড়া কারও সঙ্গে সাক্ষাৎ কররার ব্যাপারে বিধিনিষেধ দেওয়া ছিল বলে বিভিন্ন সূত্র জানায়।

এদিকে দেশে ফিরতে ২৩ এপ্রিল বৃটিশ এয়ারওয়েজের বোর্ডিং পাস না পেয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ফিরে যান শেখ হাসিনা। বাংলাদেশ বেমামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লিখিত নিদের্শনার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বিমানে তুলতে অস্বীকৃতি জানায়।

১৫ এপ্রিল মধ্যরাতে খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাড়ী থেকে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে তুলে নিয়ে যায় যৌথবাহিনী। এরপরের রাতে আবার তাকে ফিরিয়ে দেওয়ার পর খালেদা জিয়া দেশত্যাগ করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এরপর ঢাকার প্রথম সারির দৈনিকগুলো প্রধান শিরোনাম করে, খালেদা জিয়া দেশত্যাগ করে সৌদি আরব চলে যাচ্ছেন। বিমানবন্দরে শুরু হয় সাংবাদিকদের প্রতীক্ষা। খালেদা সম্ভাব্য দেশত্যাগের সংবাদ ও ফুটেজ সংগ্রহে গত কয়েকদিন ধরে ২৪ ঘন্টাই বিমানবন্দরে অপেক্ষা করে থাকেন সাংবাদিকরা।

১৯ এপ্রিল খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে কিনা তা সরকারকে ২২ এপ্রিল জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট।

২২ এপ্রিল খালেদা জিয়াকে যে বেআইনিভাবে আটকে রাখা হয়নি তা প্রমাণের জন্য কেন তাকে আদালতের সামনে হাজির করা হবে না তা জানতে চায় হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব, যৌথবাহিনীর কমান্ডার, র‌্যাবের মহাপরিচালকসহ ছয়জনকে পাঁচ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে হয়।

এদিকে, ব্যক্তিগত সফরে ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি বিদেশ থাকাকালীন ৯ এপ্রিল একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে তিন কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন। এর দুই দিন পর পল্টনে শিবিরকর্মী হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হয় শেখ হাসিনা বিরুদ্ধে।

১৪ এপ্রিল দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও যোগাযোগ উপদেষ্টা এম এ মতিনের অনুরোধের পর তখন দেশে ফেরার তারিখ পরিবর্তন করেন হাসিনা। এরপর ১৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরে এলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নেয় সরকার।

ওই প্রেস নোটে জরুরি অবস্থা জারির জন্য হাসিনাকে অন্যতম দায়ী করে বলা হয়, “সাম্প্রতিক অতীতে তার (শেখ হাসিনা) নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বহীন লাগাতার আন্দোলন ও কর্মকাণ্ডের কারণে সৃষ্ট অরাজক পরিস্থিতিতে দেশের জন-শৃঙ্খলা বিপর্যস্ত ও নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হয়ে পড়ে এবং ফলে অনিবার্যভাবেই জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে।”

প্রেসনোটে বলা হয়, বিদেশে অবস্থানকালেও বিভিন্ন সভা-সমাবেশ এবং দেশি ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে বিভিন্ন উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন শেখ হাসিনা। এ অবস্থায় শেখ হাসিনা দেশে ফিরে আগের মতোই উস্কানিমূলক বক্তব্য ও জন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টির প্রয়াস চালাতে পারেন। যার ফলে দেশের আইন-শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার এবং বিরাজমান স্থিতিশীলতা বিঘিœত এবং জন-নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আওয়ামী লীগের আবেদনের কথা উল্লেখ করে প্রেসনোটে বলা হয়, সরকার জনস্বার্থে বর্তমান অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিশেষ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এই ব্যবস্থা সাময়িক।

প্রেসনোটের মাধ্যমে দেশের সব বিমান ও স্থলবন্দরে কর্মরত ইমিগ্রেশন বিভাগ, সব এয়ারলাইনস কর্তৃপক্ষসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মহা-পুলিশ পরিদর্শককেও এ বিষয়ে আবশ্যক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

এসবের মধ্যেও দেশে ফেরার সিদ্ধান্তে অটল শেখ হাসিনা লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়েন। ২২ এপ্রিল হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২২ এপ্রিল লণ্ডনের হিথরো বিমানবন্দর থেকে ফিরে যান শেখ হাসিনা। ২৩ এপ্রিল হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানাও ২৮ মে পর্যন্ত স্থগিত করা হয়। দেশে ফিরতে না পেরে সরকারের সমালোচনা করে শেখ হাসিনা পুনর্বার বলেন, তিনি যে কোনও মূল্যে দেশে ফিরবেন। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে তিনি দেশে-বিদেশে জনমত তৈরির ঘোষণাও দেন তিনি।

২৪ এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে জারি করা প্রেসনোটের বৈধতা চ্যালেঞ্জ এবং তার দেশে ফেরার বাধা সরানোর ওপর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে বলা হয়েছে, হাসিনার দেশে ফেরার ওপর বাধা আরোপ আইন ও সংবিধান বিরোধী। যেখানে আইনের শাসন রয়েছে, সেখানে সরকার এ ধরনের আদেশ দিতে পারে না। সুতরাং ওই প্রেসনোটের কোনও কার্যকারিতা নেই। রোববার এর শুনানি হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শন ম্যাককরম্যাক মঙ্গলবার রাতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার সঠিক সিদ্ধান্ত না নিলে বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

এক সংবাদ সংম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে বলেছি যাতে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পরবর্তী নেতা নির্বাচন করতে পারে।”