খালেদা জিয়ার নেতৃত্বেই দলে সংস্কার শুরু হবে: খোকা
ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর খালেদা জিয়ার নেতৃত্বেই দলের প্রয়োজনীয় সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও মেয়র সাদেক হোসেন খোকা।
মঙ্গলবার দুপুরে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করেন সাদেক হোসেন খোকা ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান।
মান্নান ভূঁইয়ার বাসা থেকে বেরিয়ে সাদেক হোসেন খোকা সাংবাদিকদের বলেন, “বিএনপিতে কোনও বিভেদ নেই। খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ। ঘরোয়া রাজনীতি শুরু হওয়ার পর তার নেতৃত্বেই দলের প্রয়োজনীয় সংস্কার শুরু হবে।”
তিনি জানান, জরুরি অবস্থার মধ্যেও মহাসচিব দলীয় নেতাকর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখে চলেছেন।
খালেদা জিয়াকে বাইরে পাঠানোর খবরটি গুজব বলে উড়িয়ে দেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, “যতদূর জানি তিনি ভালো আছেন। বিধিনিষেধের কারণে তার বাসায় যেতে না পারলেও আমরা তার খোঁজ-খবর রাখছি।”
মহাসচিব সম্পর্কে ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহর মন্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বলেন, “তার বক্তব্য সঠিক নয়। যেখানে রাজনৈতিক তৎপরতাই নিষিদ্ধ, সেখানে নিষ্ক্রিয় অথবা সক্রিয় থাকার বিষয়টা অবান্তর।”
দলীয় নেতাকর্মীরা মহাসচিবের প্রতি ক্ষুব্ধ-হান্নান শাহর এ মন্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা প্রশ্ন ছুঁড়ে যুগ্ম মহাসচিব বলেন “তিনি কি দলে জনমত যাচাই করেছেন?”
দলে কাউন্সিল হবে বলে পত্র-পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় দাবি করে তিনি বলেন, “কাউন্সিলের বিষয়ে আমরা মহাসচিবকে জিজ্ঞাসা করেছি। তিনি জানিয়েছেন, ওই খবর ঠিক নয়।”
