২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সপ্তাহ পরেই ঘরোয়া রাজনীতি শুরু করা যাবে: সাখাওয়াতের প্রত্যাশা

দুই সপ্তাহ পরেই ঘরোয়া রাজনীতির ওপর সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে নির্বাচন কমিশন আশা করছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গেই সঙ্গেই নির্বাচনী সংস্কার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 02:47 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “তিনমাসের মধ্যে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে বিভিন্ন মহল থেকে আলোচনা এসেছে। সেই হিসেবে আমরা আশা করছি আগামী আট মের মধ্যে ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে সরকার।”

নির্বাচন কমিশনার বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী সংস্থার আইন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু করবো আমরা।”

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে দেখা করে ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে সংস্কার আইন নিয়ে আগামী বৃহস্পতিবার সারাদিন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। এরপর তারা আলোচনা করবে সাংবাদিকদের সঙ্গে।