২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা ও পরিচয়পত্রের জন্য ৪৫০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন

ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য আগামী বাজেটে ৪৫০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ও দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং সাখাওয়াত হোসেন রোববার দুপুরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এই বরাদ্দ চান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 05:21 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ঘণ্টা খানেকের ওই সাক্ষাৎ শেষে কমিশনার সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, “বাজেটে ৪৫০ কোটি টাকা বরাদ্দ রাখতে বলা হলেও এর একটি বড় অংশ দাতা গোষ্ঠীর কাছ থেকে পাওয়া যাবে বলে আমরা আশা করছি।”

দুপুরের বৈঠকে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির ব্যাপারে কমিশনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন।

এ সময় ফখরুদ্দীন আহমদ সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যতদূর সম্ভব আর্থিক সহায়তার আশ্বাস দেন।

নির্বাচনী সংস্কার আইন নিয়ে আগামী বৃহস্পতিবার সুশীল সমাজের সঙ্গে কমিশন দিনভর মতবিনিময় করবে-এ কথা মনে করিয়ে দিয়ে সাখাওয়াত হোসেন আরো বলেন, পর্যায়ক্রমে সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এ ভ্যাপারে আলোচনা করা হবে। এছাড়া ঢাকার বাইরেও এমন মতবিনিময় করার পরিকল্পনা আছে কমিশনের। এর অংশ হিসাবে ছহুল হোসাইনকে নিয়ে শিগগিরই তিনি ময়মনসিংহে সুশীল সমাজের সঙ্গে কথা বলবেন।

এদিকে সকালে ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী সিইসির সঙ্গে দেখা করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন পদ্ধতি ও ভোটার তালিকার কার্যক্রম সম্পর্কে জানতেই তিনি কমিশনে এসেছিলেন।

ছবিসহ ভোটার তালিকার তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন চাইলে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে সার্বিক বিষয়ে সহযোগিতা ও পরামর্শ নিতে পারে।”