সালাহউদ্দিন কাদের চৌধুরী হাসপাতালে
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
উপ-মহাকারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাহউদ্দিন কাদের চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
কর্তব্যরত একজন চিকিৎসক জানিয়েছেন, বুকে ব্যথা ও শ্বাসজনিত সমস্যার কারণে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার মেডিকেল বোর্ড বসিয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জানতে পেরেছি, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
জরুরি অবস্থা জারির পর ধানমন্ডির বাসভবন থেকে গত ৪ ফেব্রুয়ারি সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। চট্টগ্রামে রাঙুনিয়া এলাকায় তার বিরুদ্ধে কয়েকটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। মঙ্গলবার রংপুর থেকে আবার ঢাকায় আনা হয়।
পারিবারিক সুত্র জানিয়েছে, এক বছর আগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর হৃদপিণ্ডের কয়েকটি ধমনীতে ব্লক সৃষ্টি হওয়ায় চারটি রিং লাগানো হয়েছিল। এছাড়া তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছেন।
