২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের রিমান্ড শেষে কারাগারে মওদুদ

চারদিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বুধবার বেলা সোয়া তিনটায় ঢাকার মহানগর হাকিম সেলিনা আক্তার এ আদেশ দেন।

রিমান্ডের সময় কোথায় জিজ্ঞসাবাদ করা হয়েছে, কাঠগড়ায় দাঁড়ানো মওদুদ আহমদকে এ প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, “আমি বিচারাধীন। এ বিষয়ে কথা বললে আমার ক্ষতি হবে। এজন্য কিছু বলবো না।”

গত ১৩ এপ্রিল মওদুদকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার বাসা থেকে বিদেশি মদ, বিয়ার ও ত্রাণের শাড়ি উদ্ধার করা হয়।

অবৈধভাবে মদ ও বিয়ার আমদানি করে নিজের হেফাজতে রাখার অভিযোগে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় ১৪ এপ্রিল তাকে রিমান্ডে নেওয়া হয়।

চারদিনের রিমান্ড শেষে গুলশান থানা পুলিশ বুধবার ২টা ৪০ মিনিটে মওদুদকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি ওবায়দুল হক তাকে কারাগারে পাঠানোর জন্য আদালতে আবেদন করেন।

অন্যদিকে মওদুদের আইনজীবীরা আদালতের কাছে তার জামিনের আবেদন করেন। জামিন আবেদনের শুনানি গ্রহণের এখতিয়ার নেই, এরকম কারণ দেখিয়ে হাকিম তা নাকচ করে দেন।

মওদুদের আইনজীবীরা আদালতকে বলেন, “মওদুদ আহমদ বিদেশি রাষ্ট্রের ইন্ধন ও নির্দেশে গ্রেপ্তার হয়েছেন। আদালতের আদেশ থাকলেও রিমান্ডের সময় তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে কোথায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা কেউ জানে না। রিমান্ড চলাকালে আত্মীয় স্বজনদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হয়নি।”

তারা বলেন, মওদুদ আহমদের বিরুদ্ধে ২৫ (খ) ধারার অভিযোগ গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে কারাগারে মওদুদের সুচিকিৎসা ও ডিভিশনের আবেদন করেন তারা।

এ বিষয়ে শুনানির পর হাকিম কারবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মওদুদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, আজিজুল হক, মাহবুব উদ্দিন খোকন।