নির্বাচনী সংস্কার আইন নিয়ে মতবিনিময় ২৬ এপ্রিল
নির্বাচনী সংস্কার আইন নিয়ে আগামী ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান।
কমিশনের কার্যালয়ে তিনি বলেন, “সুশীল সমাজের সঙ্গে দিনভর মতবিনিময়ের পর আমরা সাংবাদিকদের সঙ্গেও আলোচনা করব। এরপর রাজনৈতিক কার্যক্রম শুরু হলে সংস্কার আইন নিয়ে বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় করা হবে।”
জুলাই মাসে নির্বাচনী সংস্কার আইনগুলো সংশোধন করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান সাখাওয়াত হোসেন।
কবে নাগাদ মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, “আগামী মে মাসের শেষে ছোট আকারে আমরা এই কাজ শুরু করতে চাই। এই কাজে সমস্যাগুলো কী কী তা আমরা দেখতে চাই। তবে এর আগে ভোটার তালিকা সক্রান্ত আইন পরিবর্তন করতে হবে।”
কমিশনার জানান, ২০০৫ সালে নিয়োগ পাওয়া ৩২০জন থানা নির্বাচন কর্মকর্তার যোগ্যতার পরীক্ষা হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রশন (আইবিএ) এই পরীক্ষা নেবে। এর আগে তাদের পাঠ্যসূচি সরবরাহ করা হবে।
২২ জানুয়ারির বাতিল নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগের ব্যাপারে কমিশনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে-জানিয়ে তিনি বলেন, “প্রতিবেদনটি পূর্ণাঙ্গ নয়। কোন পরিস্থিতিতে এই ভোটার তালিকা করা হয়েছে, তাও বিচার করতে হবে। এক্ষেত্রে বড় ধরনের কোনো অনিয়ম পাওয়া গেলে, অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
