২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানিয়েছেন মান্নান ভূঁইয়া

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমার কথা বলেছেন তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 02:13 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো এক প্রতিক্রিয়ায় তিনি একইসঙ্গে বলেছেন, “সরকার রাজনীতি ও নির্বাচন সংস্কার সংক্রান্ত যে সিদ্ধান্তই প্রহণ করুক না কেন, তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই করা উচিত বলে আমরা মনে করি।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা তার ভাষণে রাজনৈতিক সংস্কার, বিভিন্ন সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী করে সেগুলোর নির্বাচনের কথা বলেছেন। একইসঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন কালো টাকা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করার। তার এই বক্তব্য আমরা ইতিবাচক হিসেবে দেখছি।”

গণতন্ত্র ও দেশের সার্বিক উন্নয়নের প্রশ্নে প্রধান উপদেষ্টা ভাষণে যেসব কথা বলেছেন, তার বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাবেন বলে মান্নান ভূঁইয়া প্রত্যাশা করেন।