২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনজনের প্যানেল করছে সরকার

তিন সদস্যের মেয়র প্যানেল গঠন করার বিধান রেখে সিটি করপোরেশন আইন সংশোধন করতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 02:45 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সোমবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব চুড়ান্ত করা হয়।

বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, “সিটি করপোরেশন বর্তমান আইনে বেশ কয়েকটি সংশোধনী আনতে যাচ্ছে সরকার। সংশোধনীতে তিন সদস্যের একটি মেয়র প্যানেল গঠন করার প্রস্তাব রাখা হয়েছে। মেয়রের অনুপস্তিতিতে এ প্যানেল থেকে একজন মেয়রের দায়িত্ব পালন করবে।”

উপদেষ্টা বলেন, “ওয়ার্ড কমিশনাররা মেয়র প্যানেল নির্বাচন করবেন। সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হওয়ার একমাসের মধ্যে এ প্যানেল তৈরি করতে হবে। প্যানেলে অন্ততঃ একজন মহিলা সদস্য অন্তর্ভুক্ত করার বাধ্যবধকতা রাখা হয়েছে।”

তিনি আরও জানান, ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন যেহেতু হচ্ছে না। একারণেই এ প্যানেল এখন তৈরি করে দেবে সরকার।

বর্তমানে সিটি করপোরেশনের প্রচুর ওয়ার্ড কমিশনার পলাতক রয়েছেন এবং বেশকিছু কমিশনার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। একারণেই সংশোধনী আনার পর সরকারই প্যানেল তৈরি করে দেবে বলে বৈঠক সুত্র জানায়।

আনোয়ারুল ইকবাল আরও জানিয়েছেন, বর্তমানে ওয়ার্ড কমিশনারদের কোনও ভাতা নেই। তাদের ভাতা দেওয়ার বিষয়টিও সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সশোধনী সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঠানো হবে বলেও তিনি জানান।