২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে আলাদা ভোটার তালিকার ফের দাবি তুললেন সন্তু লারমা

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু ) লারমা পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে তৈরি করা ভোটার তালিকা দিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সব ধরনের নির্বাচন করতে সরকারের কাছে আবারো দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 03:41 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এর আগে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের সময়ও এই দাবি জানানো হয়েছিল।

তবে নির্বাচন কমিশন বলেছে সংবিধান অনুযায়ী তার এ দাবি মানা সম্ভব নয়।

১৯৯৭ সালে ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তিচুক্তি এবং ১৯৯৮ সালের আঞ্চলিক পরিষদ আইনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান -- এই তিন জেলায় পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে করা ভোটার তালিকা দিয়ে  আঞ্চলিক পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে।

অবশ্য জাতীয় সংসদ নির্বাচনের বয়সের ভিত্তিতে যোগ্য স্থায়ী ও অস্থায়ী সব বাসিন্দাই ভোট দিতে পারবেন।

সংবিধান বলা হয়েছে, নূন্যতম ১৮ বছরের যে কোনো বাংলাদেশী নাগরিক ভোটার হওয়ার যোগ্যতা রাখেন।

এ বিষয়ে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা নফহবংি২৪.পড়স কে বলেন, “পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করা না হলে পাহাড়ে কোনো নির্বাচনই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। শান্তিচুক্তি ও আঞ্চলিক পরিষদ আইনেও স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করার কথা বলা হয়েছে।”

তিনি জানান, বৃহস্পতিবার পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় তারা শান্তিচুক্তি বাস্তবায়নের পাশাপাশি ওই দাবিটিও উত্থাপন করেছেন।

শিগগির নির্বাচন কমিশনের কাছেও একই দাবি জানানো হবে হবে বলে জানান সন্তু লারমা।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, “কমিশনের পক্ষে সংবিধানের বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। তবে পরে যদি কোনো নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করে তাদের দাবি মেনে নেয়, সেটা ভিন্ন কথা।”

তিনি বলেন, “আমরা শুধু ছবিসহ ভোটার তালিকা করবো। এ জন্য নির্বাচনী আইনের কিছু সংস্কার করা হবে।”

এদিকে, কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আঞ্চলিক পরিষদ আইনে ভোটারদের যে যোগ্যতার কথা বলা হয়েছে, তা মেনে করা ভোটার তালিকা শুধু পরিষদের নির্বাচনে কার্যকর হবে। 

আর সংবিধানে ভোটারের যোগ্যতা মেনে করা ভোটার তালিকা ব্যবহৃত হবে অন্য সব স্থানীয় ও জাতীয় নির্বাচনে। অর্থাৎ তিন পার্বত্য জেলার তিনটি আসনে ভোটার তালিকা হবে দুটি।

পার্বত্য চট্টগ্রামের আয়তন পাঁচ হাজার ৯৩ বর্গমাইল। পাহাড়ি -- বাঙালি মিলিয়ে সেখানের জনসংখ্যা আনুমানিক ১৫ লাখ।