২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমান গ্রেপ্তার, সুধাসদনে তল্লাশি

গ্রেপ্তার করা হয়েছে তারেক রহমানকে। খালেদা জিয়ার সরকারের আমলে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অনেক অভিযোগ থাকায় যেকোনো সময় সাবেক প্রধানমন্ত্রীর বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হতে পারে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদ জানান, বুধবার রাত সাড়ে ১২ টায় যৌথবাহিনী তাকে তার মায়ের ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 06:17 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রাতভর চালানো অভিযানে যৌথবাহিনী সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, বেসরকারী টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান ও সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিম, জামায়াতের সাংসদ ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল্লাহ তাহের এবং দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকেও গ্রেপ্তার করে। রাতভর অভিযানে অংশ নেওয়া যৌথবাহিনীর কর্মকর্তাদের কারুরই পোশাকে নামফলক দেখেননি অভিযান প্রত্যক্ষকারী নফহবংি২৪.পড়স এর সংবাদদাতারা।

যৌথবাহিনী অভিযান চালায় জেপি নেতা আনোয়ার হোসেন মঞ্জুর বাসভবনেও। প্রায় সাড়ে তিন ঘন্টা তল্লাশি চালিয়ে তাকে পাওয়া না গেলেও ওই বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকা এবং ১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া মঞ্জুর বিভিন্ন সম্পদের দলিলও জব্দ করা হয়েছে।  

যৌথবাহিনী বুধবার রাতে দুই দফা শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনে যায়। সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব ও প্রতিবেদক আবু নোমান সজীব জানান, যৌথ বাহিনীর সদস্যরা প্রথম দফায় সাড়ে ১১টা থেকে ৪০ মিনিট অবস্থান করে চলে যায়। তারা সুধাসদনের নিচ তলায় ঢুকে ওই দিন বিকেল থেকে কারা কারা সেখানে গিয়েছিলেন রেজিস্টার খাতায় তা দেখে চলে যায়। এসময় তাদের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সও ছিল। স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাউদ্দিন নাছিম ও শেখ হেলালের সন্ধানে যৌথবাহিনী সুধাসদনে যায় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এরপর রাত পৌনে ২ টায় আবারও সেখানে অবস্থান নেয় যৌথবাহিনী এবং পুরো এলাকা ঘিরে রাখে। এই দফায় যৌথবাহিনী সুধাসদনের ভেতর প্রবেশ করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। রাত সোয়া তিনটায় তারা ফিরে যায়।

যৌথবাহিনী চলে যাওয়ার পর শেখ হাসিনার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত সাংবাদিকদের বলেন, দুদফা অভিযান চালায় যৌথবাহিনী তবে কেউ গ্রেপ্তার হয়নি। তিনি বলেন, “তারা ভেবেছিল সুধাসদনে তালিকাভুক্ত কয়েকজন সন্ত্রাসী লুকিয়ে আছে। তল্লাশির অনুমতি আছে কিনা জানতে চাওয়া হলে যৌথবাহিনী জানায় নেই। তাই তারা চলে যায়।”

পরে অনুমতি নিয়ে এলে শেখ হাসিনা তার নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে জানিয়ে দেন, রাতে তল্লাশি চালানো যাবে না। প্রয়োজনে রাতভর বাড়ি ঘিরে রেখে ভোরে তল্লাশি করতে বলেন তিনি। তারেক সিদ্দিক বলেন, “কিন্তু যৌথবাহিনী তখনই তল্লাশি চালাতে চায়। পাচঁজন নারী সদস্যসহ ২০ জনের একটি দল সুধাসদনে ঢোকে এবং নারী সদস্যরা হাসিনার শয়নকক্ষে তল্লাশি চালায়। (আরও তথ্যসহ--৫)

নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সুমন মাহমুদ জানান, রাত ১২টায় যৌথবাহিনী ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কে খালেদা জিয়ার বাসা ঘেরাও করে। কিছুক্ষণ পর বাড়ির প্রধান ফটক দিয়ে বাহিনীর সদস্যরা ভেতরে ঢোকে।

এ সময় তারেক রহমান যৌথবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের কাছে নামাজ পড়ার সময় চান। গাড়িতে উঠার আগে তারেক তার মায়ের কাছ থেকে বিদায় নেন। বাসার সিঁড়ির কাছে তারেকের স্ত্রী, মেয়ে জাইমা, ছোট ভাই আরাফাত রহমান ও তার স্ত্রী তারেককে বিদায় জানান। এ সময় আরাফাত রহমান মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাইলে বাধা দেন একজন কর্মকর্তা।

এর আগে ২৮ ফেব্র“য়ারি সুমন মাহমুদের সঙ্গে আলাপকালে তারেক রহমান তার বিরুদ্ধে ওঠা ব্যাপক দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন,“কেউ বলতে পারবে না কোনো কাজের জন্য আমি কোনো মন্ত্রী বা সচিবকে কখনো টেলিফোন করেছি।”  

বুধবার রাত ১০ টায় যৌথবাহিনী গুলশানের বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্যামলীর বাসা থেকে জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আটক করে। চ্যানেল ওয়ানের চেয়ারম্যান সেলিমকে রাত  তিনটায় তার গুলশানের বাসভবন থেকে আটক করা হয়। যৌথবাহিনীর সদস্যরা বাড়িটি প্রায় চার ঘন্টা ধরে ঘিরে রাখে এবং তল্লাশি চালায়। বাড়ি থেকে সেলিমকে প্রথমে তার মালিকানাধীন প্রতিষ্ঠান সিলভার টাওয়ারে নিয়ে প্রায় দেড় ঘণ্টা রাখার পর অন্যত্র নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম থেকে ফারুক ইকবাল ও রুহুল আমিন রানা জানান, রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে তার বাসা থেকে আটক করে নিয়ে যায় যৌথবাহিনী। র‌্যাব--৭ এর একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স-- কে জানান, মেয়রের বাসা থেকে এসময় কিছু রাজনৈতিক বক্তৃতার সিডি, সিটি কর্পোরেশনের নথিপত্র উদ্ধার করা হয়। প্রয়োজনীয় ওষুধপত্র নেওয়ার পর মহিউদ্দিন চৌধুরীকে পতেঙ্গায় র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবারই মেয়রকে আদালতে হাজির করা হবে বলে যৌথবাহিনীর কর্মকর্তারা জানান।

জানা গেছে, যৌথবাহিনী সদস্যরা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরের সেগুনবাগিচার বাসায় যান। তবে তাকে না পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ফেরত যায়।