শেখ হাসিনার বাসায় তল্লাশি দুঃখজনক: আওয়ামী লীগ
শেখ হাসিনার বাসভবন সুধাসদনে বুধবার রাতে যৌথবাহিনীর তল্লাশিকে দুঃখজনক ও অনভিপ্রেত হিসাবে বর্ণনা করেছে আওয়ামী লীগ।
দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদ সদস্যদের প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, সরকারের উচিত হবে তথাকথিত ভারসাম্য রক্ষার নীতি বাদ দিয়ে প্রকৃত সন্ত্রাসী, গডফাদার ও দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করা।
এতে আরো বলা হয়, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযানকে শুরু থেকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট অভিযোগ এবং তথ্য--প্রমাণ ছাড়া কোনও ধরনের হয়রানি সমর্থন করে না আওয়ামী লীগ।
বুধবার রতের অভিযানের উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে যৌথবাহিনীর একটি দল কোনো তল্লাশি পরোয়ানা ছাড়াই দুদফা সুধাসদনে প্রবেশ করে। প্রথম দফায় যৌথবাহিনীর সদস্যরা বলেন, সুধাসদনে কয়েকজন অবস্থান করছে। এর উত্তরে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তারা ওইধরনের কেউ সেখানে নেই বলে জানান।
যৌথবাহিনী সদস্যরা এ সময় সুধাসদন ছেড়ে চলে যান। কিন্তু পরে আবার ফিরে আসেন। এ সময় তারা শেখ হাসিনার বাসভবনের প্রতিটি কক্ষে তল্লাশি চালান। কিন্তু তাদের বর্ণনামতো সেখানে কাউকে পাওয়া যায়নি।
ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এতে দাবি করা হয়, জোট সরকারের আমলে সারাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা--কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সে সব মামলার ভিত্তিতে এখনো তাদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।
