২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামাতের সাবেক সাংসদ গাজী নজরুল গ্রেপ্তার

সাতক্ষীরা--৫ আসনে (শ্যামনগর) জামায়াত দলীয় সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামকে দুর্নীতির অভিযোগে শুক্রবার বিকালে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

শীর্ষ দুর্নীতিবাজদের দ্বিতীয় তালিকায় গাজী নজরুলের নাম রয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড রেস্টহাউসে সেনা কর্মকর্তা মেজর মেহেদি এবং পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকীর কাছে বিকাল ৫টা ৪৫ মিনিটে সম্পদের হিসাব জমা দিতে আসার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার সকাল থেকেই যৌথবাহিনীর সদস্যরা গাজী নজরুলের ওপর নজরদারি শুরু করে। যৌথবাহিনী সূত্র জানায়, পাউবো রেস্টহাউজ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে পুলিশ হেফাজতে হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী জানান, তিনি আত্মসমর্পণ করেননি বরং গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার হওয়ার সময় গাজী নজরুল সাংবাদিকদের বলেন, আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। দুদকের তালিকাভূক্ত হয়েছেন খবর পেয়ে তিনি তার সম্পদের হিসাব দাখিলের জন্য এসেছিলেন।

পৈত্রিক ১১ একর জমিসহ ১২ একর জমির মালিক এবং অন্যান্য সম্পদ মিলে তার ২২ থেকে ২৪ লক্ষ টাকার সম্পদ আছে বলে তিনি জানান।

গাজী নজরুল ইসলাম ১৯৯১ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে সাতক্ষীরা--৫ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হন। তিনি জামায়াতের জেলা ও কেন্দ্রীয় মজলিসে সুরা এবং জেলা কর্মপরিষদের সদস্য।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।