খুলনায় আটক যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত
কেন্দ্রীয় যুবলীগের সহ সভাপতি শহীদ ইকবাল বিথারকে শুক্রবার একমাসের আটকাদেশ দিয়ে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। নগরীর ইসলামপুর রোডের সান্ধ্য বাজার থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শহীদ ইকবাল বিথার স্থানীয় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একজন পরিচালক।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদুজ্জামান জানান, বিথারকে শুক্রবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হয়।
এ সময়ে বিথারের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে একমাসের আটকাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর বিথারকে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১ টায় খুলনা থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।
তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, সরকারি কর্মকর্তাদের কাজে বাধাদান ও জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ এনে রাতেই মামলা দায়ের করা হয়।
