২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হয়ে গেল লালুর মালিকানাধীন পত্রিকা

বগুড়া--৭ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু ও তার পরিবারের সম্পত্তির হিসাব রোববার সকালে বগুড়া জেলা দুদক অফিসে দাখিল করা হয়েছে। এদিকে ব্যাংক লেনদেনে স্থগিতাদেশের কারণ দেখিয়ে তার মালিকানাধীন ‘দৈনিক উত্তরকোণ’ পত্রিকার প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে লালুর প্রতিনিধি হিসাবে বগুড়া জেলা দুদক অফিসে সম্পত্তির হিসাব দাখিল করেন স্ত্রী বেগম সামছুন্নাহার।

দুদক বগুড়া জেলা অফিস সূত্র জানায়, হেলালুজ্জামান তালুকদার লালুর বড় ছেলে ‘হাওয়া ভবনের’ প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাতুজ্জামান সিরাজ (জয়) এর সম্পত্তির হিসাব বাদ রেখে লালু, তার স্ত্রী বেগম সামছুন্নাহার জামান, ছোট ছেলে সাহেদুজ্জামান সিরাজ (বিজয়) ও মেয়ে হাসিবা জামান সিরাজের (জ্যোতি) সম্পত্তির হিসাব দাখিল করা হয়েছে।

লালুর বড় ছেলে সাজ্জাতুজ্জামান সিরাজ জয়ের সম্পত্তির হিসাব দাখিল না করার কারণ হিসাবে তার মা বেগম সামছুন্নাহার জামান দুদককে জানান, ১৪ বছর আগে থেকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় এই হিসাব দেওয়া হয়নি।

লালু ও তার পরিবারের সম্পত্তির মোট অর্থমূল্য দেখানো হয়েছে দুই কোটি ৭৪ লাখ টাকা।

অন্যদিকে হোলালুজ্জামান তালুকদার লালুর মালিকানাধীন ‘দৈনিক উত্তরকোণ’ পত্রিকার প্রকাশনা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। বগুড়া থেকে প্রকাশিত এই সংবাদপত্রটির প্রকাশক ছিলেন লালু নিজে এবং সম্পাদক ছিলেন তার বড় ভাই মোজাম্মেল হক তালুকদার।

এ ব্যাপারে মোজাম্মেল হক জানান, “হেলালুজ্জামান লালুর ব্যাংক লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। পত্রিকার ব্যাংক হিসাবও লালুর একাউন্টের সঙ্গে একীভূত থাকায় আর্থিক সংকটে পড়েছে ‘দৈনিক উত্তরকোণ’।” এ কারণে সেটির প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়েছে।  

গত ১৩ ফেব্র“য়ারি রাতে লালুকে তার নিজ বাড়ি বগুড়া শহরের সূত্রাপুর এলাকার ‘চম্পা মহল’ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশন গত বুধবার লালু ও তার স্ত্রী, ছেলে--মেয়ের সম্পত্তির হিসাব পরবর্তী  ৭২ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।