২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই--ভোট চালু করার সম্ভাব্যতা যাচাই করবে নির্বাচন কমিশন

ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা (ই--ভোট) চালু করার সম্ভাব্যতা যাচাই করবে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বুয়েটের একটি প্রতিনিধি দল রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প উপস্থাপন করার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে সিইসি ড. হুদা বলেন, “কোনো আসনে বা কোনো কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ই--ভোটিং চালু করে দেখা যায়। এটি সফল হলে তখন তা বড় পরিসরে ব্যবহার করা যাবে কী না তা চিন্তাভাবনা করতে হবে।”

তিনি বলেন, এছাড়া বড় বড় প্রতিষ্ঠানগুলোও তাদের নির্বাচনে ইভিএম ব্যবহার করে এটি কতটুকু কার্যকর তা পরীক্ষা করে দেখতে পারে।

বুয়েটের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) বিভাগের পরিচালক লুৎফুল কবির। ইভিএম প্রকল্প উপস্থাপনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবীরসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে মার্কিন গবেষণা সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই) এর একটি প্রতিনিধি দল সকালে সিইসির সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাত শেষে এনডিআই এর আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট ‘বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে’ÑÑ এই আশা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, এ দেশে গণতন্ত্রের একটি সুদৃঢ় ঐতিহ্য আছে। বাংলাদেশ অতীতেও অনেক উত্তাল সময় পার করে এসেছে। তাই নির্বাচনী সমস্যা সমাধানে এদেশ সফল হবে।

ওয়েন লিপার্ট জানান, এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে তারা সিইসির সঙ্গে কথা বলেছেন। নির্ভুল ভোটার তালিকার বিষয়টিও তাদের আলোচনায় এসেছে।

এনডিআই এর নির্বাচন বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক ভাসাইলো বলেন, এনডিআই মনে করে, নির্বাচন কমিশন এমন একটি নির্বাচনের আয়োজন করবে, যাতে রাজনৈতিক দলগুলো খুশি হয়।