২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে চট্টগ্রামে আরও দুটি মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় সোমবার আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 08:37 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

হত্যা চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় একজন মাছ ব্যবসায়ী মুছা সওদাগর ও লালানগরের জসিম বাদী হয়ে সোমবার মামলা দুটি দায়ের করেন।

যৌথবাহিনীর হাতে আটক হওয়ার পর এ নিয়ে রাঙ্গুনিয়া থানায় সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হলো। 

থানা সূত্র জানায়, স্থানীয় শান্তিনগরের মোগলহাটের মাছ ব্যবসায়ী মুছা সওদাগর সকাল সাড়ে ১০টায় রাঙ্গুনিয়া থানায় সাবেক সাংসদের বিরুদ্ধে তিন নম্বর মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মুছা সওদাগর তার এজাহারে বলেন, গত বছরের ২২ নভেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে এক নম্বর আসামী এবং গত রোববার যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার রাঙ্গুনীয়া থানার চিহ্নিত সন্ত্রাসী আবু বক্করকে দুই নম্বর আসামী করে মোট ছয়জনকে আসামী করা হয়। তিনি এতোদিন ভয়ে মামলা করেননি বলে এজাহারে উল্লেখ করেন।

অপরদিকে লালানগরের জনৈক জসিম সোমবার বিকেলে আরেকটি মামলা দায়ের করেন। এতে তিনি অভিযোগ করেন, ২০০০ সালের ৩১ ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকরা তার কাছ থেকে চাঁদা দাবি করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়। এই মামলায় সালাউদ্দিন কাদেরকে প্রধান করে মোট ১৪ জনকে আসামী করা হয়।

রাঙ্গুনীয়া থানার দায়িত্বপ্রাপ্ত এসআই আনিছুর রহমান মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, দুটি মামলায় সাবেক এ সাংসদকে প্রধান আসামী করা হয়েছে।

তিনি জানান, মামলা দুটি তদন্তের জন্য থানার এসআই কফিল উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এর আগে যৌথবাহিনীর হাতে আটক হওয়ার পর সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে চন্দ্রঘোনার রাজা মিয়া এবং লালানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দুটি পৃথক চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন।