বিএনপি এখন দেউলিয়া তাই এলডিপিতে যোগ দিয়েছি : দুই সাবেক সাংসদ
বিএনপির দুই সাবেক সাংসদ আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও মো. আবদুল গনী অর্ধশতাধিক নেতা-কর্মী নিয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন।
মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ খলিলুর রহমান বলেন “বিএনপির রাজনীতি দেউলিয়া হয়ে গেছে। দুর্নীতির কারণে মৃত্যু হয়েছে এই দলের।” মেহেরপুর-২ আসনের আবদুল গনী
বলেন, “বিএনপির দুর্দশা এমন যে ওইখানে থাকতে লজ্জাবোধ করছি। ওখান থেকে আরও ভাল মানুষ এলডিপিতে আসবে।”
দল নবাগতদের স্বাগত জানিয়ে এলডিপির নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, “খালেদা জিয়া দুর্নীতিতে ডুবে গেছেন বলে আজ খেসারত দিচ্ছেন।” আগামীতে বিএনপির আরও ভালমানুষগুলো এলডিপিতে যোগ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অলি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে বলেন, হরিণ-ময়ূর নয়, বড় বড় দূর্নীতিবাজদের গ্রেপ্তার করুন। ঢেউটিন উদ্ধারে সময় না দিয়ে হাজার হাজার কোটি টাকা যারা লুৃট করেছে তাদের পাকড়াও করতে হবে।
অনুষ্ঠানে এলডিপির সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী উপস্থিত ছিলেন না। বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ রাজ্জাক আলী, সৈয়দ মঞ্জুর হোসেন, রেদোয়ান আহমেদ, এম এ জিন্নাহ, মাহী বি চৌধুরী; যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ারুল হক ।
প্রসঙ্গত, গত বছরের ২৬ অক্টোবর বিকল্পধারার সভাপতি বদরুদ্দৌজা চৌধুরী এবং বিএনপি থেকে পদত্যাগকারী কর্নেল অলির নেতৃত্বে এলডিপি‘র আত্মপ্রকাশ ঘটে। ওই সময়ে সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীসহ বিএনপির কয়েকজন সাবেক সাংসদ ও নেতা এলডিপিতে যোগ দেন।
