নগরীর বেহাত জমির সুনির্দিষ্ট কোনো তথ্য নেই
ঢাকা শহরে কী পরিমাণ সরকারি ভূমি বেহাত রয়েছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য ভূমি মন্ত্রণালয়ের কাছে নেই । ঢাকা সিটি করপোরেশন এলাকার রেলওয়ে, ওয়াসা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সেবামূলক সরকারি প্রতিষ্ঠানেরই কয়েক হাজার একর জমি বেহাত হয়ে আছে বলে জানা গেছে।
নগরীতে অবৈধ ভূমি পুনরুদ্ধার অভিযান চললেও সঠিক তথ্য না থাকায় বেহাত হওয়া সেসব জমি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
আগের সরকার ঢাকার বেহাত জমির হিসাব ও জালিয়াতি রোধে ভূমি ব্যবস্থাপনা কম্পিউটারাইজেশন অব ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএলএমএস)--এর একটি পাইলট প্রকল্পে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করলেও কাজের কাজ কিছুই হয়নি। ।
২০০৪ সালে নেওয়া এ প্রকল্পের আওতায় ডেমরা প্রকল্পটি সফলভাবে শেষ হলেও অন্যগুলো আর আলোর মুখ দেখেনি।
এ প্রকল্পের উদ্দেশ্য ছিল জমি সংক্রান্ত বিরোধ--জালিয়াতি রোধ, সরকারি বেহাত জমি উদ্ধার ও ভূমি উন্নয়ন কর আদায়ে স্বচ্ছতা আনা।
২০০৪-২০০৫ অর্থ বছরে ডেমরা সার্কেল পাইলট কর্মসূচির সমীক্ষার মাধ্যমে ‘ভূমি’ নামে একটি জনবান্ধব মডেল সফটওয়ারও ডেভেলপ করা হয়। ডেমরা সার্কেলের মোট ৪৪টি মৌজার ২৮ হাজার ৭৯০ দাগ কম্পিউটারাইজড করা হয়েছে। এই সার্কেলে মোট জমির পরিমাণ ৬৭ বর্গ কিলোমিটার (১৬ হাজার ৫৪৯ একর)।
ডেমরা পাইলট প্রকল্প শেষে তেজগাঁও, ধানমন্ডি, মিরপুর, কোতোয়ালী সার্কেলের চারটি প্রকল্প শুরু হলেও তা আর শেষ হয়নি বলে জানায় মন্ত্রণালয় সূত্র। ওই চারটি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল প্রায় চার কোটি টাকা। কিন্তু প্রকল্পগুলোর কোনো সমীক্ষা হয়নি। বরং অভিযোগ রয়েছে প্রাপ্ত অর্থ বিল আকারে তুলে নেয়ার।
ভূমি মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন সহকারি সচিব নাম না প্রকাশের শর্তে জানান, ডেমরা পাইলট প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর কথা ছিল যে বেসরকারি সংস্থাটি ওই সমীক্ষা করেছে, তাকে দিয়ে পররবর্তী প্রকল্পের কাজগুলো সম্পন্ন করা। কিন্তু পরবর্তীতে ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কারণে অন্য একটি প্রতিষ্ঠানকে ওই সমীক্ষার কাজ দেয়া হয়।
উত্তরা প্রকল্পের একজন কর্মকর্তা জানান, তাদের পাইলট প্রকল্পটি এখন অনলাইনে দেয়া সম্ভব। এর ফলে যেকোনো ভূমি মালিক তার জমির বর্তমান অবস্থা অনায়াসে দেখতে পাবেন। তবে এখানে রয়েছে সমীবদ্ধতা। কারণ প্রকল্পটি শেষ হওয়ার পর দেড় বছর চলে গেছে এবং অনেকে নতুনভাবে জমি ক্রয় অথবা বিক্রি করেছেন। যার হিসাব তালিকাভুক্ত হয়নি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা কম্পিউটার বিশেষজ্ঞ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী নফংহবংি২৪.পড়স -কে বলেন, দেশের বেশির ভাগ মামলা--মোকাদ্দমা হয় জমিজমা নিয়ে। সাধারণ মানুষ অহরহ নিজের ভূমি নিয়ে নানাভাবে প্রতারণা ও জালিয়াতির শিকার হচ্ছেন। ভূমি ব্যবস্থাপনাকে কম্পিউটারাইজেশনের আওতায় আনা হলে মানুষ উপকৃত হবে, সরকারও তার পাপ্য রাজস্ব আয় থেকে লাভবান হবে।
ঢাকার রাজস্ব সার্কেলের একাধিক কর্মকর্তা নফংহবংি২৪.পড়স-কে জানান, ভূমির ব্যবহার ভিত্তিক হালনাগাদ রেকর্ড সংরক্ষণ না থাকায় বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। কে কত ভূমি কর দিচ্ছেন, তার কোনো পরিসংখ্যানও তাদের কাছে নেই। অথচ প্রকল্পটি সারাদেশে চালু করা গেলে উপকার হতো মানুষের।
ডেমরায় ৩১৩ নং শহীদ ফারুক সড়কের বাসিন্দা স্কুল শিক্ষক জয়নুল আবেদিন জানান, তার এলাকায় জমি কিনে প্রতারণা ও জালিয়াতির শিকার হয়েছেন অনেকে। এখানে দেওয়ানি ও ফৌজদারি মামলা- মোকাদ্দমার ৭৫ ভাগই ভূমি সংক্রান্ত।
