বাতিল নির্বাচনে ব্যয় ১৩০ কোটি টাকা
যে নির্বাচন হয়নি তার জন্যই কমিশনের ব্যয় হয়েছে প্রায় ১৩০ কোটি টাকা। বাতিল ঘোষিত ২২ জানুয়ারির নির্বাচন আয়োজনে কমিশন ৬০ কোটি টাকার বেশি ব্যয় করেছে । আর ওই নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরিতে ব্যয় হয়েছে আরও প্রায় ৭০ কোটি টাকা।
নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ২২ জানুয়ারির নির্বাচনের জন্য তাদের ৬০ থেকে ৬১ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে সে সময় তিনি এই ব্যয়ের খাতওয়ারি হিসাব দেননি।
২২ জানুয়ারির নির্বাচনের জন্য অর্থমন্ত্রণালয় কমিশনকে ১০২ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল।
অনুসন্ধানে জানা গেছে, এর মধ্যে কমিশনের ব্যয় ভোটার তালিকা হালনাগাদ করতে ২৫ কোটি, নির্বাচনী উপকরণের জন্য তিন কোটি সাত লাখ, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও তা ছাপতে ১৩ কোটি ৯৭ লাখ, আংশিক ব্যালট পেপার ও বিভিন্ন নির্বাচনী পরিপত্র ছাপতে ৪ কোটিরও বেশি, ভোটার সচেতনতা বাড়াতে প্রচার--প্রচারণার জন্য ৯ কোটি এবং অন্যান্য নির্বাচনী ব্যয়সহ কমিশনের মোট ব্যয় হয়েছে ৬০ কোটি ৮৯ লাখ টাকা।
ওই নির্বাচনের জন্য গত বছর ৭ সেপ্টেম্বর কমিশন যে ভোটার তালিকা প্রকাশ করে তাতে খরচ হয় আরো প্রায় ৭০ কোটি টাকা।
বছর খানেক ধরে তৈরি ওই তালিকায় ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯।
কিন্তু তালিকা প্রকাশের পরই ভোটার তালিকায় ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটার রয়েছে বলে অভিযোগ করে ১৪ দল।
ভুয়া ভোটারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, এনডিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও অভিযোগ করে।
এদিকে, পুনর্গঠিত নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তারা ছবিসহ একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে। এছাড়া কমিশন ভোটার পরিচয়পত্র, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরিসহ বিভিন্ন প্রস্তাবনাকেও বিবেচনা করছে।
১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর ২১ জানুয়ারি এক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ২২ জানুয়ারির নির্বাচন বাতিল ঘোষণা করে।
