সংস্কার করতে সময় নষ্ট হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে: হাসিনা
শেখ হাসিনা বলেছেন, সংস্কার করতে গিয়ে কালক্ষেপণের ফলে জনগণের ভোটাধিকার প্রয়োগের পথ যেনো বন্ধ করে দেওয়া না হয় সেদিকে সরকারকে সজাগ থাকতে হবে।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকালে চলচ্চিত্র লীগের একটি প্রতিনিধি দলের সদস্যসের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা একথা বলেন।
সরকারকে উদ্দেশ করে হাসিনা বলেন,“সংস্কারের নামে বেশি কালক্ষেপন করে জনগণের ভোটাধিকার প্রয়োগের পথ বন্ধ করবেন না-এটাই আমাদের প্রত্যাশা।”
দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে সাধুবাদ জানালেও আওয়ামী লীগ সভানেত্রী বলেন,“সব কিছু করতে করতে জনগণের ভোটাধিকারকে যেনো অস্বীকার করা না হয়। বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে, কিন্তু বেশি দিন ধৈর্য ধরে না।”
তিনি বলেন,“জনগণ আন্দোলন করেছে একটা আকাঙ্খা থেকে, তা থেকে যেনো তাদের বঞ্চিত করা না হয়।”
মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর,ফারুক, মিজু আহমেদ ও চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ হোসেন জেমী।আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,শেখ ফজলুল করিম সেলিম,ওবায়দুল কাদের,আব্দুল মান্নান প্রমুখ।
