ছয় মামলায় গ্রেপ্তার দেখানো হলো দুলুকে
সাবেক ভূমি উপমন্ত্রী এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোর থানায় দায়ের করা ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাটোর থানার এসআই ফজলুল হক বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা আক্তারের আদালতে ওই ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। এর আগে আরো তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার দেখানো নতুন ছয়টি মামলা দায়ের হয়েছে হত্যাপ্রচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে। এর মধ্যে তিনটি মামলা দায়ের করা হয় গত বছরের শেষের দিকে এবং বাকিগুলো চলতি ফেব্র“য়ারিতে।
পুলিশ সূত্র জানায়, শিগগিরই এসব মামলা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে হাজির করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাটোরের নলডাঙ্গা থানায় দায়ের করা ঢেউটিন আত্মসাতের মামলার পর গত মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন দুলু।
জেলা জজ মো. রফিকুল ইসলাম সে সময় জামিন আবেদন গ্রহণ না করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
