দুবাই যাওয়ার আগে নতুন চমক দেখাতে পারেন ইউনূস
শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য রাজনৈতিক দলে শিগগিরই যোগ দিতে পারেন খ্যাতিমান ও পরিচিত রাজনীতিবিদদের কেউ। বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে জানা যেতে পারে তার বা তাদের পরিচয়। দলের নাম নাগরিক শক্তি থাকছে কিনা তাও বোঝা যাবে সেদিনই। ইউনূসের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নফহবংি২৪.পড়স কে নিশ্চিত করেছে।
বিশ্বস্ত সুত্রটি জানায়, বৃহস্পতিবার রাত নটায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে একটি ঘোষণা দেবেন ইউনূস। সে সময় তার রাজনৈতিক দলের বিভিন্ন দিক নিয়েও কথা বলবেন তিনি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর নফহবংি২৪.পড়স কে বলেন, “এদিন আপনারা আসবেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।”
আগামী ২৫ ফেব্র“য়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠেয় দ্বিবার্ষিক ‘আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন’---এ যোগ দেবেন ইউনূস। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘এডুকেশন উইদাউট বর্ডার’। মুহাম্মদ ইউনূস এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
আবুধাবির হায়ার কলেজ অব টেকনোলজি আয়োজিত ওই সম্মেলনে ৯৫টি দেশ থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থী ও বক্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঞ্চলের ২০ সদস্যের একটি দল আবুধাবির সম্মেলনে নৃত্য পরিবেশন করবে।
