মাতৃভাষা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেল আওয়ামী লীগ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার।
মঙ্গলবার বিকেলে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে আওয়ামী লীগ। দলের সভানেত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
আইন উপদেষ্টা মইনুল হোসেন সোমবার বিকেলে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দুই ধরনের কর্মসূচির আবেদন ছিল। কিন্তু জরুরি অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিধি নিষেধ আছে বলে শুধু মিলনায়তনের ভেতরে মাতৃভাষা দিবস পালনের অনুমতি দেওয়া হয়েছে। তারা কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য রাখবেন না এই আশ্বাসের প্রেক্ষিতেই অনুমতি দেওয়া হয়।
অন্য রাজনৈতিক দলগুলোকেও এ ধরনের অনুমতি দেওয়া যেতে পারে বলেও তিনি জানান।
এর আগে অনুষ্ঠানের অনুমতি চাইতে বিকাল সোয়া ৪টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও অসীম কুমার উকিল আইন উপদেষ্টার কার্যালয়ে যান।
সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার।”
