২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ নাদিম মোস্তফার সহযোগী মুরগি চয়েন আটক

বিএনপি দলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফার সহযোগী ও রাজশাহীর দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুরগি চয়েনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা, জালিয়াতিসহ ডজন খানেক মামলা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 04:52 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রোববার গভীর রাতে পৌর এলাকা বহরমপুরে তার নিজ বাড়ি থেকে দুর্গাপুর থানা পুলিশ তাকে আটক করে।

দুর্গাপুর পুলিশ জানায়, মুরগি চয়েন সাবেক সাংসদ নাদিম মোস্তফার প্রভাব খাটিয়ে দুর্গাপুরের শিংগা হাটে ইজারার নামে একাধিকবার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেছে। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

২০০৬ সালের মাঝামাঝি সময়ে স্ত্রীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। গত ৮ ডিসেম্বর দুর্গাপুরে জাল টাকাসহ পুলিশের হাতে ধরা পড়লেও দলীয় তদ্বিরে সে ছাড়া পায়।

এ ছাড়া বছরখানেক আগে নিগার কোল্ড স্টোরেজের অর্থ আত্মসাৎ করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি বলে হিমাগারের মালিক নুরুজ্জামান লিটন জানান।

দুর্গাপুরের জনৈক কুরবান আলীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে ৭৫ হাজার টাকা নিয়ে নিলেও ভয়ে টাকা আদায় করা যায়নি। কুরবান আলী জানান, তার বিরুদ্ধে মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি দলীয় কারণে।

এলাকাবাসী জানায়, একবার সে মুরগি চুরি করে ধরা পড়ার পর থেকে তার নামই হয়ে যায় মুরগী চয়েন।

দুর্গাপুর থানার এসআই গোলাম মোহম্মদ জানান, চয়েন উদ্দিন ওরফে মুরগি চয়েনের  বিরুদ্ধে থানায় ডজনখানেক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।