তালিকাভুক্ত ৫০ জনের কেউ এখনও সম্পদের হিসাব দেননি
দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে তালিকাভুক্ত ৫০ জনের কেউ সোমবার সন্ধ্যা পর্যন্ত সম্পদের হিসাব দিতে দুর্নীতি দমন কমিশনে আসেননি।
কমিশনের সচিব দেলোয়ার হোসেন বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, ওই ৫০ জনের কাছেই নোটিশ পাঠিয়ে দেওয়া হলেও এখন পর্যন্ত কেউ তার প্রাপ্তি স্বীকার করেননি। সচিব দোলোয়ার হোসেন জানান, তালিকার ৫০ জনের মধ্যে যারা গ্রেপ্তার হননি তাদের অবশ্যই সশরীরে এসে সম্পত্তির হিসাব দিতে হবে।
যারা কারাগারে রয়েছেন তাদের কারা মহাপরিদর্শকের মাধ্যমে সোমবার বিকেলের মধ্যেই নোটিশ পেয়ে যাওয়ার কথা এবং তা প্রাপ্তি স্বীকারের পর থেকে ৭২ ঘন্টা গণনা শুরু হবে বলে জানান সচিব। (আরও তথ্যসহ-- ৩ )
তবে মীর্জা আব্বাস এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আইনজীবী সোমবার এসেছিলেন কমিশন কার্যালয়ে। মীর্জা আব্বাসের আইনজীবী সাংবাদিকদের জানান, সম্পদের হিসাব দিতে নয়, নোটিশের বিষয়ে কথা বলতেই এসেছেন তিনি। তারা জানান, পত্রিকা পড়ে ওই নোটিশের কথা শুনেছেন।
দুপুর ২টায় নোটিশের ব্যাপারে কথা বলতে কমিশনে আসেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আইনজীবী অ্যাডভোকেট আকমল হোসেন। এরপর বিকেল ৩টা ৪০ মিনিটে দুদক কার্যালয়ে আসেন নারায়ণগঞ্জ-- ৪ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের প্রতিনিধি শেখ আলী আহমেদ।
মীর্জা আব্বাসের প্রতিনিধি অ্যাডভোকেট আমীর উল ইসলাম এ বিষয়ে দুদকের পরিচালক তানকীন হক সিদ্দিকীর সঙ্গে কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদারের আইনজীবী কথা বলেন পরিচালক নাসরিন আরা সুরাত আমিনের সঙ্গে। এসময় পরিচালক সুরাত আমিন তাকে বলেন, “তার মক্কেলের জন্য দুইটি পথ রয়েছে। আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করে বিচার দাখিল করতে হবে অথবা সশরীরে দুদক কমিশনে এসে সম্পত্তির হিসাব দাখিল করতে হবে।”
সাবেক সাংসদ গিয়াসউদ্দিনের প্রতিনিধি শেখ আলী আহমেক দুদকের পরিচালক জাহানারা পারভিনকে বলেন, তারা কোনো নোটিশ পাননি। সেইসঙ্গে সম্পদের হিসেব কিভাবে দিতে হবে তা জানতে চান তিনি। গিয়াসউদ্দিনের সঙ্গে শেখ আলী আহমেদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।
এর আগে সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, প্রকাশিত তালিকা অনুযায়ী ৫০ জন শীর্ষ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।
তালিকাভুক্ত ৫০ জন সম্পর্কে দেলোয়ার হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে প্রতীয়মান হযেছে যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তার মানে এই নয় যে, তারা অপরাধী।”
তিনি বলেন, “যাদের সম্পদের হিসাব দিতে বলা হয়েছে তারা নির্ভয়ে এসে তাদের সম্পত্তির হিসাব দিতে পারেন। আমরা ডেকে এনে তাদের গ্রেপ্তার করবো এটা ভাবারও কোন কারণ নেই।”
দেলোয়ার হোসেন বলেন, “তবে রাষ্ট্রের অন্য কোন সংস্থা যদি তাদের ভিন্ন কোন অভিযোগে গ্রেপ্তার করে তবে আমাদের কিছু করার নেই।”
দুর্নীতির সঙ্গে জড়িত আছেন এমন অনেকের নামই ৫০ জনের তালিকায় নেই --এমন এক প্রশ্নের জবাবে সচিব দেলোয়ার হোসেন বলেন, “একটু ধৈর্য ধরুন। সবকিছু দেখতে পারবেন। তদন্তের স্বার্থেই এখন কিছু বলা যাচ্ছে না।”
তবে তালিকায় নামের সংখ্যা আরও বাড়বে এটা নিশ্চিত বলে জানান সচিব।
অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, “যারা মৃত তাদের বিরুদ্ধে এখন আর কিছু করা যাবে না। তবে তাদের ছেলে-- মেয়ে বা অন্যরা যদি ওই দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
