২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের সুনাগরিক হতে বললেন খালেদা জিয়া

অনেকদিন পর জনসমক্ষে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে কোনো রাজনৈতিক সভায় নয়, এলেন এক শিশু সম্মেলনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 07:42 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বৃহস্পতিবার বিকেলে চীন---বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে জিয়া শিশু একাডেমী আয়োজিত  শাপলা কুঁড়ি  --- ২০০৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে শিশুদের আগামীতে দেশের নেতৃত্ব  নেয়ার জন্য নিজেদের মেধা ও মননে যোগ্য নাগরিক হিসেবে  গড়ে তোলার আহবান জানিয়েছেন খালেদা জিয়া।

অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রবর্তিত  ‘কমল পদক ২০০৬’  প্রাপ্ত অধ্যাপক আসাদুজ্জামান (শিক্ষা), শিল্পী সোহরাব হোসেন (সঙ্গীত) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মালিকের  (স্বাস্থ্য সেবা) হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া  ১০৮ জন শিশু ---- কিশোরের মধ্যে শাপলা কুঁড়ি পুরুস্কারও বিতরণ করেছেন তিনি।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিশুদের  আগামীর আলোকবর্তিকা হিসেবে অভিহিত করে তাদের নিয়মিত লেখা --- পড়া করার পরামর্শ দেন। শিশুদের প্রতি তার প্রত্যাশার কথা জানাতে গিয়ে বেগম খালেদা জিয়া বলেন, “তোমাদের মাধ্যমে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা।”

বক্তব্যের এক পর্যায়ে  প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের খুব ভালোবাসতেন ---  এ দাবি করে তার শাসনামলে শিশুদের কল্যাণে শিশু একাডেমী, শিশু পার্ক স্থাপন  এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠনের কথাও উল্লেখ করেন। নিজের শাসনামলে শিশুদের কল্যাণে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়া।

শত শত শিশুর এ সম্মীলনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মুহাম্মদ আবুল হোসাইন,জিয়া শিশু একাডেমীর চেয়ারম্যান অধ্যক্ষ হামিদা আলী, পৃষ্ঠপোষক আমিন আহমদ, মহাপরিচোলক হুমায়ুন কবির, হাসান চৌধুরী ও ফারীয়া নওমী আঁচলও বক্তৃতা দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম সারির অন্যান্য নেতাদের মধ্যে সাবেক সাংসদ ফজলুল হক মিলন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও  উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

পুরস্কার বিতরনী শেষে শিশুদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সুধীজন।