২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা হওয়া উচিত: বিউটেনিস

নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হওয়া উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। রোববার দেশটির রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বিউটেনিস বনানীর হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে দেশের বতর্মান অবস্থা ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সহ-- সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান।

সন্ধ্যা ৭ টা ২০ মিনিট থেকে শুরু হয়ে প্রায় ৪০ মিনিট স্থায়ী বৈঠক শেষে বিউটেনিস সাংবাদিকদের জানান, কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ছুটিতে যুক্তরাষ্ট্র যাবেন। দেশে ফিরে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সরকারের কাছে ব্যাখ্যা করবেন। সেইজন্যই তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন।

তিনি আরও জানান, বিএনপির ভাবনা--চিন্তা জানতেই তিনি আজকে এখানে কথা বলতে এসেছেন। তিনি আশা করেন, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমে সমর্থন জানিয়ে বলেন, “এটি একটি জনপ্রিয় সরকার, এ সরকারের সংস্কার কার্যক্রমেও আমাদের সমর্থন আছে।”

রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন, “বিএনপি যতো শিগগির সম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়। এ কথাটি রাষ্ট্রপতিকে জানিয়েছি। এটাই আমাদের অবস্থান। আমরা মনে করি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার দেশ পরিচালনা করবে।”

প্রসঙ্গত, জরুরি অবস্থা ঘোষণার পর বিএনপি নেত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে এটি প্রথম সাক্ষাৎ। এর আগে শনিবার ব্রিটিশ হাউজ অব লর্ডসের সফররত দুই সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।