২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ধু ধু মরুভূমি

নির্বাচন কমিশনের ওয়েব সাইটে কেউ ঢুকলে বিরক্তিতে ভ্রু কুঁচকে যেতে পারে। আগের কয়েকটি জাতীয় নির্বাচনের অপূর্ণাঙ্গ ফলাফল ছাড়া দরকারি তেমন কিছুই খুঁজে পাবেন না কেউ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 05:36 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

আগের--পরের কোন ভোটার তালিকা, প্রার্থীদের সম্পর্কে তথ্য, স্থানীয় নির্বাচনের ফলাফল যেমন নেই, কমিশন কর্মকর্তা -- কর্মচারিদের সম্পর্কেও নেই কোনো তথ্য। জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সম্পর্কে তথ্যও এতে অনুপস্থিত।

িি.িবপং.মড়া.নফ এই ঠিকানার কমিশনের ওয়েব সাইটটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছে এ বছরের ২১ জানুয়ারি। এতে ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করা সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি শোভা পাচ্ছে। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার নামটি ছাড়া আর কিছুই সংযোজন করা হয়নি।

সংযোজন করা হয়নি  নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের নাম। দেওয়া হয়নি তাদের জীবন বৃত্তান্ত ও টেলিফোন নম্বর। এই দুজন কমিশনার শপথ নিয়েছেন গত ৫ ফেব্র“য়ারি।

এছাড়া এ পর্যন্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী ১৬ জনের নামের হদিসও সরকারি এই ওয়েব সাইটে নেই। এছাড়া এতে নেই সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ অপর কর্মকর্তাদের নাম ও ফোন নম্বর।

২১ জানুয়ারি এক সরকারি প্রজ্ঞাপনে ২২ জানুয়ারির নির্বাচন বাতিল এবং একই সঙ্গে ওই নির্বাচন সংক্রান্ত সব প্রজ্ঞাপন বাতিল করা হলেও কমিশনের ওয়েব সাইটে এখনও পুরনো পর্যবেক্ষণ নীতিমালাই সংযোজিত রয়েছে।

১৯৭২ সাল থেকে এ পর্যন্ত আটটি জাতীয় নির্বাচন হলেও এতে শুধু দেওয়া হয়েছে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জেলাওয়ারি নির্বাচনী ফলাফল। জেলাওয়ারি হালনাগাদ ভোটার সংখ্যার তথ্য থাকলেও এতে কেউ ২০০০ সালের মূল ভোটার তালিকা বা পুরো হালনাগাদ ভোটার তালিকা খুঁজে পাবেন না। এর আগের কোনো ভোটার তালিকাও এতে দেওয়া হয়নি। কমিশন সর্বশেষ গতবছর ২৫ ডিসেম্বর হালনাগাদ ভোটার তালিকার কাজ শেষ করে।

ওয়েবসাইটটিতে লিংক হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও পুলিশ সংস্কার বিষয়ক ওয়েব সাইট রাখা হয়েছে। অথচ লিংক করা হয়নি ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (ফেমা), সুশাসনের জন্য নাগরিক (সুজন), সোসাইটি ফর ডেভোলপমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভোলপমেন্টসহ (সেড) দীর্ঘদিন নির্বাচন নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণ করছে এমন দেশি সংস্থাগুলোর ওয়েব সাইট। দেওয়া হয়নি এদের কোনো তথ্য--উপাত্ত।

কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এম. আসাদুজ্জামান ওয়েব সাইটে তথ্যঘাটতিসহ অন্যান্য দুর্বলতার কথা স্বীকার করে বলেন, “এটি ধীরে ধীরে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণেই এতোদিন সাইটটি সমৃদ্ধ করা যায়নি।”

তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নও ওয়েব সাইটটি সমৃদ্ধ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সুযোগ সৃষ্টি হয়েছে এটিকে আরও উন্নত করার।”

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ক্ষোভ প্রকাশ করে কে বলেন, “তথ্য জানা মানুষের একটি অন্যতম প্রধান অধিকার। অথচ কমিশন জনগণকে এই অধিকার থেকে বঞ্চিত করে চলেছে।”

তিনি বলেন, “কমিশনের ওয়েব সাইটে ভোটার তালিকা, প্রার্থীদের সম্পর্কে সব তথ্য, এমন কি নির্বাচন সংক্রান্ত মামলাগুলোর খসড়া কপিসহ অন্য যা কিছু থাকা উচিত সবই সংযোজন করতে হবে। প্রতিবেশী ভারতের নির্বাচন কমিশনের ওয়েব সাইট দেখার পর  যে কেউ আমাদের কমিশনের ওয়েব সাইট দেখলে সত্যিই হতাশ হবেন।”